পাথরাইলের তাঁতবাড়িগুলোয় এখন খুচরা ক্রেতাদের ভিড়
ঈদ সামনে রেখে ক্রেতাদের পদচারণায় মুখর টাঙ্গাইল শাড়ির রাজধানী খ্যাত পাথরাইল। পাইকারি বিক্রির পালা প্রায় শেষ হয়ে এলেও এখন খুচরা বিক্রির চাপ বেড়েছে। শাড়ি কিনতে বিভিন্ন স্থান থেকে মানুষ এসে ভিড় করছে এখানে। এবারও ঈদ সামনে রেখে সুতি ও সিল্কের বিভিন্ন ডিজাইনে শাড়ি তৈরি করেছেন এখানকার তাঁতশিল্পীরা। টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি ও পাথরাইলের যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির মালিক রঘুনাথ বসাক জানান, উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সব শ্রেণীর ক্রেতার কথা মাথায় রেখে এ এলাকার তাঁতিরা শাড়ি তৈরি করেছেন। তাই সব শ্রেণীর ক্রেতার ভিড় লেগেছে পাথরাইলে। এবার ঈদ মৌসুমে এ এলাকার তাঁতিরা এক কোটির অধিক শাড়ি উৎপাদন করেছেন বলে তিনি জানান। শাড়ি ব্যবসায়ী নীলকমল বসাক জানান, ‘একটা সময় ছিল যখন টাঙ্গাইল শাড়ি বলতে শুধু সাধারণ মানের শাড়িকেই বোঝাত। কিন্তু এখন নিত্যনতুন নকশায় বাহারি শাড়ি উৎপাদন করে শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত ও উচ্চবিত্তের জন্যও এক্সক্লুসিভ শাড়ি তৈরি হচ্ছে। ফলে উচ্চবিত্তের যেসব ক্রেতা একসময় উৎসবে আনন্দে বিদেশি শাড়ি কিনতেন, তাঁরাও এখন টাঙ্গাইল শাড়ি কিনছেন।’ টাঙ্গাইল শহর থেকে সাত কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলায় পাথরাইলের অবস্থান। সম্প্রতি সরেজমিন সেখানে গিয়ে দেখা যায়, প্রতিটি তাঁতিবাড়িতেই ক্রেতাদের ভিড়। শুধু টাঙ্গাইল নয়, ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই সপরিবারে শাড়ি কিনতে এসেছেন। টাঙ্গাইল শহর থেকে আসা গৃহবধূ ফারহানা হোসেন জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে টাঙ্গাইলে বাড়িতে এসেছেন। ঢাকায় শাড়ির দাম বেশি। তাই তিনি ঢাকা থেকে না কিনে এখান থেকে কিনছেন। সীতানাথ বসাকের বাড়িতে গিয়ে দেখা যায় ক্রেতাদের ভিড়। সেখানে ঢাকা থেকে আসা বিথিকা ইসলাম জানান, ঢাকার দোকানগুলোয় প্রচণ্ড ভিড়। দামও বেশি। এখানে তাঁতিবাড়ি ঘুরে ঘুরে পারিবারিক পরিবেশে শাড়ি কেনা যায়। তা ছাড়া আসল তাঁতশাড়ি এখানেই পাওয়া যায় বলে তিনি জানান।পাথরাইলের শাড়িশিল্পীরা জানান, এবার দামি শাড়ির মধ্যে এক হাজার ২০০ থেকে আড়াই হাজার টাকার মধ্যে হাফ সিল্ক, তিন থেকে পাঁচ হাজার টাকা মূল্যের মসলিন কটন ও অ্যান্ডি সিল্ক, চার থেকে সাত হাজার টাকার মধ্যে মাদ্রাজি কটন বালুচুরি, চার থেকে আট হাজার টাকার মধ্যে জুট কটনের শাড়ি এবং ১৬ থেকে ২০ হাজার টাকার মধ্যে স্বর্ণকাতান শাড়ি পাথরাইলে তৈরি হয়েছে। এ ছাড়া সুতি, সিল্কসহ সাধারণ মানের বিভিন্ন শাড়ি রয়েছে। ব্যবসায়ী সুবীর বসাক জানান, এসব শাড়ি ঢাকার বাজার থেকে ২০ থেকে ২৫ ভাগ কম দামে ক্রেতারা এখানে কিনতে পারেন। তাই এখানে দিন দিন খুচরা ক্রেতাদের ভিড় বাড়ছে।