পান রপ্তানিতে বড় ধাক্কা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার প্রভাবে দেশীয় পানের রপ্তানি বড় ধরনের ধাক্কা খেয়েছে। পানের রপ্তানি বেশ কমে গেছে।
পানের জন্য আলাদা কোনো এইচএস কোড নেই। এটি রপ্তানি হয় ফুল ও পাতা (কাট ফ্লাওয়ার অ্যান্ড ফলিয়েজ) বিভাগের আওতায়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এ দেশ থেকে কাট ফ্লাওয়ার অ্যান্ড ফলিয়েজের আওতায় রপ্তানি হয়েছে ৪৬ লাখ ৯০ হাজার ডলারের পণ্য। আগের বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল এক কোটি ৯১ লাখ ডলার। বাংলাদেশ ফল সবজি এবং এ-সংক্রান্ত পণ্য রপ্তানিকারক সমিতির (বিএফভিএপিইএ) তথ্য অনুযায়ী, কাট ফ্লাওয়ার অ্যান্ড ফলিয়েজের রপ্তানি হওয়া পণ্যের ৯০ শতাংশই পান। আবার এ দেশ থেকে যত পান রপ্তানি হয় তার অর্ধেকই যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আর ৪৫ শতাংশ যায় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে। বাকি ৫ শতাংশ যায় অন্যান্য দেশে।
নিজস্ব প্রতিবেদক