পানগাঁও-চট্টগ্রাম নৌপথে ভাড়া বাড়ল, কমছে মাশুল
চট্টগ্রাম-পানগাঁও নৌপথে কনটেইনারপ্রতি পরিবহন ভাড়া ২২০ মার্কিন ডলার বা প্রায় ১৭ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ হয়েছে। পানগাঁও নৌ টার্মিনাল উদ্বোধনের প্রায় দুই বছরের মাথায় জাহাজ ভাড়ার এ হার নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হলো। এর আগে বন্দর কর্তৃপক্ষ নিজেদের জাহাজে কনটেইনারপ্রতি ১৫০ মার্কিন ডলার বা ১১ হাজার ৭০০ টাকা হারে ভাড়া আদায় করেছিল।
নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, পানগাঁও-চট্টগ্রাম নৌপথে জাহাজ পরিচালনায় উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে পানগাঁও নৌ-টার্মিনালে নানা মাশুলের হার সর্বোচ্চ ৭০ শতাংশ কমানোর প্রক্রিয়া চলছে। ফলে ব্যবহারকারীদের খরচ বেশি পড়বে না। তবে নতুন ভাড়ার হার নিয়ে আপত্তি তুলেছেন ব্যবসায়ীরা।
গত সোমবার প্রকাশিত গেজেট অনুযায়ী, চট্টগ্রাম বন্দর ও পানগাঁও টার্মিনালে পণ্যভর্তি ২০ ফুট দীর্ঘ কনটেইনার (আমদানি বা রপ্তানি) পরিবহনের জন্য ২২০ মার্কিন ডলার ও খালি কনটেইনারের জন্য ১১০ মার্কিন ডলার ভাড়া নির্ধারণ করা হয়। পানগাঁও নৌ টার্মিনাল পূর্ণোদ্যমে চালু করা এবং নিয়মিতভাবে জাহাজ চলাচল চালু করার স্বার্থে নতুন এ ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে গেজেটে বলা হয়।
নতুন এ ভাড়ার হার রেলপথের প্রায় দ্বিগুণ। রেলপথে চট্টগ্রাম থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত আমদানি পণ্যভর্তি কনটেইনার (১৫ টন পর্যন্ত) পরিবহনের ভাড়া নয় হাজার টাকা। রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনের ভাড়া ৪ হাজার ৫০০ টাকা। সড়কপথে একই পরিমাণ পণ্য পরিবহনের ভাড়া সময়ভেদে ১৮ থেকে ২২ হাজার টাকা।
নৌপথে কনটেইনার পরিবহন ভাড়া বাড়ানো হলেও পানগাঁও নৌ টার্মিনাল ব্যবহারের মাশুল কমানোর প্রক্রিয়া চলছে। জানতে চাইলে বন্দর পর্ষদের সদস্য মো. জাফর আলম গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘বন্দরের পর্ষদ সভার অনুমোদন নিয়ে পানগাঁও নৌ টার্মিনালে বিভিন্ন ধরনের বিদ্যমান মাশুলের হার ৪০ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ কমানোর প্রস্তাব পাঠানো হচ্ছে নৌ মন্ত্রণালয়ে।’ ২০১৩ সালের ৯ ডিসেম্বর পানগাঁও টার্মিনাল ব্যবহারে ২৪ ধরনের মাশুল নির্ধারণ করে গেজেট প্রকাশ হয়েছিল।
কনটেইনার ও জাহাজ পরিচালনাকারী কোম্পানি কে লাইন বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক সাহেদ সরওয়ার প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি ব্যবস্থাপনায় জাহাজ চলাচল থাকায় এই নৌপথের ভাড়া সরকারিভাবে ঠিক করা উচিত হয়নি। এটি বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত।’
২০১৩ সালের ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার অদূরে বুড়িগঙ্গার তীরে নারায়ণগঞ্জের কেরানীগঞ্জ এলাকায় পানগাঁও নৌ-টার্মিনাল উদ্বোধন করেন। উদ্বোধনের দুদিন আগে বন্দর কর্তৃপক্ষ এক সার্কুলারে এ নৌপথে পণ্যভর্তি প্রতি কনটেইনার পরিবহন ভাড়া ১৫০ মার্কিন ডলার বা ১১ হাজার ৭০০ টাকা নির্ধারণ করেছিল। বন্দরের নিজস্ব তিনটি জাহাজে কনটেইনার পরিবহনে এ ভাড়া আদায় করা হতো। কিন্তু এরপরও নানা কারণে এ নৌপথে কনটেইনার পরিবহনে গতি আসেনি।
এ পরিস্থিতিতে বন্দরের তিনটি জাহাজ গত ২ সেপ্টেম্বর বেসরকারি প্রতিষ্ঠান সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় প্রতি মাসে চারবার এই নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় দুই বছরে এই নৌপথে ২ হাজার ২১ একক কনটেইনার পণ্য পরিবহন হয়েছে।
সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ব্যক্তিমালিকানায় লাইসেন্স পাওয়া ৩২টি জাহাজের একটিও এখনো এই নৌপথে যুক্ত হয়নি। তিনটি সরকারি সংস্থার লাইসেন্স পাওয়া নয়টি জাহাজের মধ্যে বন্দরের তিনটি ছাড়া আর কোনোটি যুক্ত হয়নি। তবে নিপা পরিবহনের হারবোর-১ নামের একটি জাহাজ শিগগিরই এ নৌপথে যুক্ত হচ্ছে।