পানি উন্নয়ন বোর্ডকে ড্রেজার সরবরাহ করবে আনন্দ শিপইয়ার্ড

নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ, নাব্যতা রক্ষা ও নৌপথ উন্নয়নে সরকারকে সহায়তা করবে বাংলাদেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড ও যুক্তরাষ্ট্রের ড্রেজার নির্মাণকারী প্রতিষ্ঠান এলিকট ড্রেজেস। প্রতিষ্ঠান দুটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ছয়টি ড্রেজার ও তিনটি টাগ বোট সরবরাহ করবে।
আজ মঙ্গলবার পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ পরিদর্শন করেন। এ সময় আনন্দ শিপইয়ার্ডের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. শহীদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
আনন্দ শিপইয়ার্ড পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নে সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।
আনন্দ শিপইয়ার্ডের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ নাহিদ নিগার বলেন, এলিকট ড্রেজেস ও আনন্দ শিপইয়ার্ড ড্রেজারগুলো সরবরাহে কাজ চালিয়ে যাচ্ছে।
আনন্দ শিপইয়ার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, পানি উন্নয়ন বোর্ডকে আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ চারটি ২৬ ইঞ্চি ড্রেজার, দুটি ২০ ইঞ্চি ড্রেজার ও তিনটি টাগ বোট সরবরাহ করা হবে, যার মূল্য ৫৪৫ কোটি টাকা।