পানি ও স্যানিটেশনে শহরে বরাদ্দ ১,১২১, গ্রামে ৫৫ টাকা
আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে পানি ও স্যানিটেশন খাতে শহরাঞ্চলে মাথাপিছু বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ১২১ টাকা। আর গ্রামাঞ্চলে মাত্র ৫৫ টাকা।
বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করা বিভিন্ন উন্নয়ন সংগঠন, দাতা সংস্থার প্রতিনিধিরা এই তথ্য তুলে ধরেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল মঙ্গলবার এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পানি ও স্যানিটেশন খাতে এবারের বাজেটে প্রকল্পের সংখ্যা এবং বরাদ্দ বেড়েছে। তবে এ খাতে গ্রাম ও শহরের মধ্যে যে বৈষম্য আছে, তা কমেনি। বাজেটের ৮৬ শতাংশই চলে গেছে শহরে। গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে জেলা শহর, চর, হাওর, পাহাড় ও উপকূলীয় এলাকাসহ গ্রামে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানানো হয়। এ ছাড়া আর্সেনিকে আক্রান্ত এলাকা, বস্তিবাসী, অতি দরিদ্র মানুষের জন্য বিশেষ প্রকল্পে বরাদ্দ দেওয়ারও দাবি জানানো হয়।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পানি ও স্যানিটেশন খাতে পৃথক বাজেট প্রণয়নের দাবি করেন বক্তারা। ওয়াটার এইড বাংলাদেশসহ নয়টি দেশি-বিদেশি সংস্থা যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। বিজ্ঞপ্তি।