পানি চান উদ্বিগ্ন উদ্যোক্তারা

গভীর নলকূপ দিয়ে কত দিন কারখানার কাজ করা যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। কবে নাগাদ পানির ব্যবস্থা হবে, তা অনিশ্চিত।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরে পানির প্রাপ্যতা নিয়ে উদ্যোক্তাদের উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। কারণ, কারখানার কাজে কবে নাগাদ পানি পাওয়া যাবে, সেই নিশ্চয়তা মিলছে না। নিজস্ব টাকায় গভীর নলকূপ বসিয়ে কত দিন কারখানার কাজে পানি ব্যবহার করা যাবে, তা নিয়েও ব্যবসায়ীরা চিন্তিত।

অন্যদিকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বলছে, বঙ্গবন্ধু শিল্পনগরে পানি সরবরাহ করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

৩০ হাজার একর জায়গার ওপর গড়ে উঠছে বঙ্গবন্ধু শিল্পনগর। এটিই দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। সেখানে দেশি-বিদেশি ১৫৯টি কোম্পানি বিনিয়োগ করেছে। তাদের বিনিয়োগের পরিমাণ ২ হাজার কোটি ডলার, যা বাংলাদেশের প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা গ্রুপ, এশিয়ান পেইন্টস, নিপ্পন, ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিসহ বেশ কয়েকটির কারখানার নির্মাণকাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

গ্যাসের নিশ্চয়তা পেলেও উদ্যোক্তাদের যত চিন্তা–উদ্বেগ এখন পানি নিয়ে। কবে নাগাদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে, তা অজানা।

তাই পানির সংকটই ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। বিষয়টি নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে।

বেজার তথ্য অনুযায়ী, বঙ্গবন্ধু শিল্পনগরে রপ্তানিমুখী তৈরি পোশাকসহ জাহাজ নির্মাণ, স্টিল (ইস্পাত), অটোমোবাইল (গাড়ি), বস্ত্র, রং, রাসায়নিকসহ বিভিন্ন ধরনের কারখানা হচ্ছে। এর মধ্যে রং ও রাসায়নিক কারখানাগুলোর জন্য প্রথম পানির প্রয়োজন।

ব্যবসায়ীদের মধ্যে যে পানি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, তার প্রমাণ মিলল বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর কাছে পাঠানো বসুন্ধরা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফওয়ান সোবহানের লেখা একটি চিঠিতে। ওই চিঠিতে বলা হয়, প্রায় সব ধরনের শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে এবং কারখানায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন ব্যবহারের জন্য পানির প্রয়োজন হয়।

চিঠিতে সাফওয়ান সোবহান তাঁদের চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে বেজার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, চাহিদার আলোকে বেজা যে পরিমাণ পানি সরবরাহ করতে পারবে, তার ওপর ভিত্তি করে যদি অতিরিক্ত পানির সংস্থানের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে বসুন্ধরা অন্য উৎস থেকে পানি পাওয়ার চেষ্টা করবে। এর মধ্যে বৃষ্টির পানি, নদী বা খালের পানি। অথবা সাগরের পানি পরিশোধন করার ব্যবস্থা করা হবে।

জানতে চাইলে বসুন্ধরার অর্থনৈতিক অঞ্চলের সমন্বয়ক ফয়জুর রহমান বলেন, ‘পানির প্রাপ্যতার জন্য আমরা বেজার ওপর নির্ভরশীল

হয়ে অপেক্ষা করছি। তবে ভবিষ্যৎ যা দেখছি, তা উদ্বেগের। আমরা এখন গভীর নলকূপ বসিয়ে চাহিদা মেটানোর চেষ্টা করছি। কিন্তু গভীর নলকূপ দিয়ে চাহিদা পূরণ সম্ভব নয়।’ তিনি বলেন, ‘গ্যাসের নিশ্চয়তা আমরা পেয়েছি। কিন্তু পানির নিশ্চয়তা মেলেনি। আমাদের রাসায়নিক কারখানার জন্য প্রধান উপাদান হলো পানি। কোথায় পাব

সেই পানি? তাই আমরা চিন্তা করছি বিকল্প কী করা যায়।’ একই কথা জানালেন বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের বলেছে নদী থেকে পানি আনার ব্যবস্থা করবে। তবে আমরা চিন্তার মধ্যে আছি। এ বিষয়ে আমরা শিগগিরই বেজার সঙ্গে কথা বলব।’

আরও কয়েকটি কোম্পানি প্রথম আলোকে জানায়, তারা সবাই এখন বঙ্গবন্ধু শিল্পনগরে গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করছে। কিন্তু এটি সাময়িক সমাধান। যত দ্রুত সম্ভব শিল্পনগরে পানি সরবরাহের ব্যবস্থা করা জরুরি।

পানি নিয়ে বেজার ভাবনা কী

এদিকে বঙ্গবন্ধু শিল্পনগরে পানির ব্যবস্থা করতে বেজার পক্ষ থেকে বেশ কিছু পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে হালদা

নদী থেকে পানি সরবরাহ। চট্টগ্রাম ওয়াসা হালদা নদী থেকে পানি উত্তোলন করে তা বঙ্গবন্ধু শিল্পনগরে সরবরাহের উদ্যোগ নিয়েছে। চাঁদপুরের মেঘনা নদী থেকেও পানি নিয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে সরবরাহ করার বিষয়ে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ ছাড়া বঙ্গবন্ধু শিল্পনগরের পাশে যেসব খাল আছে, সেগুলো খনন করে বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ রয়েছে। পাশাপাশি সমুদ্রের পানি পরিশোধনের মাধ্যমে ব্যবহারের উপযোগী করে সেখানে সরবরাহ করার কাজও চলছে। একই সঙ্গে মুহুরী রিজার্ভার থেকে পানি আনার কাজ চলছে।

জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু শিল্পনগরে পানি সরবরাহ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পানি সরবরাহের কাজ চলছে। ফেনীর মুহুরী রিজার্ভার থেকে পানি আনার কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে প্রথম পর্যায়ে সেখান থেকে দৈনিক ৫০ মিলিয়ন লিটার (এমএলডি) পানি আসবে। দ্বিতীয় পর্যায়ে আসবে আরও ৫০ এমএলডি। চাঁদপুরের মেঘনা নদী থেকে পানি আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। হালদা নদী থেকে পানি আনার উদ্যোগও নেওয়া হয়েছে।