পানি সুরক্ষাবিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হলো ঢাকায়
বাংলাদেশ জার্নাল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিজেএসআইআর) কর্তৃক আয়োজিত একটি সিম্পোজিয়াম গত ৩০ জুলাই রোববার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। সিম্পোজিয়ামের টাইটেল স্পনসর ছিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পানি বিশুদ্ধকারী ব্র্যান্ড পিওর ইট।
‘পানি সুরক্ষার জন্য পরিবেশগত রসায়ন’বিষয়ক এই সিম্পোজিয়ামে ৮৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক দেশি ও বিদেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানিবিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। উপস্থাপিত প্রবন্ধগুলোতে বাংলাদেশসহ সারা বিশ্বে পানিদূষণের ভয়াবহতা এবং সবার জন্য নিরাপদ খাবার পানির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সিম্পোজিয়াম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদের সভাপতিত্বে সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।