পানির নিচে জমি রেখে প্রতারণার ফাঁদ তৈরি করে জনগণের কষ্টার্জিত টাকা নিজেদের পকেটে না ভরতে আবাসন খাতের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। একই সঙ্গে তিনি পরিবেশবান্ধব নগরায়ণ গড়তে সব আইনকানুনন মেনে চলারও আহ্বান জানান।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে জমি ও ফ্ল্যাটের ‘রিহ্যাব মেলা’র উদ্বোধনকালে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই আবাসন মেলায় ২৮১টি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান অংশ নিয়েছে।প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান রিয়েল এস্টেট ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘ব্যবসায় শুধু মুনাফাই প্রধান লক্ষ্য হওয়া উচিত নয়। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক রাখুন। সময়মতো তাঁদের জমি ও ফ্ল্যাট বুঝিয়ে দিন। আপনাদের কারও একটি ভুলে পুরো খাতটিতেই বিরূপ প্রভাব পড়বে।’সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নিয়মনীতি মেনে ব্যবসা করতে হবে। তবেই সরকার পাশে থাকবে।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন বলেন, বর্তমানে জমির অত্যধিক মূল্যবৃদ্ধি এই খাতটিতে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছে।সচিব আরও বলেন, সরকার সবার জন্য আবাসনের অঙ্গীকার করেছে। কিন্তু সরকারের একার পক্ষে আবাসনসংকট নিরসন সম্ভব নয়। এ জন্য বেসরকারি উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে রিহ্যাব গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে ব্যবসায়িক নৈতিকতা ধরে রাখতে না পারলে তা ক্ষতিকর হয়ে উঠবে। রিহ্যাবের সভাপতি সাংসদ নসরুল হামিদ বলেন, বর্তমানে অনেক প্রতিষ্ঠান বিভিন্ন লোভনীয় অফার দিচ্ছে। আসলে আবাসন ব্যবসায়ীরা ভালো নেই। কয়েকটি সমস্যার কারণে খাতটি এগোতে পারছে না। এ জন্য সরকারের সহায়তা প্রয়োজন। নসরুল হামিদ আরও বলেন, বিদ্যুৎ-সংযোগের অভাবে আবাসন ব্যবসায়ীরা দেড় বছর ধরে প্রায় ১৫ হাজার তৈরি ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর করতে পারছেন না। এতে গ্রাহকদের সঙ্গে ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।নসরুল হামিদ নতুন বিদ্যুৎ-সংযোগ পেতে নিজস্ব সোলার প্যানেল দিয়ে ৩ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের সরকারি বাধ্যবাধকতার সমালোচনা করে বলেন, এই হয়রানি বন্ধ করে সরকার যদি এর সমপরিমাণ টাকা সংযোগের জন্য নেয়, তবু ব্যবসায়ীদের আপত্তি নেই।রিহ্যাবের সভাপতি প্রকল্প অনুমোদনের জন্য সরকারের ১১ দপ্তরে যাওয়ার বিষয়টি বন্ধ করে রাজউকে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করতে সরকারের প্রতি অনুরোধ জানান। রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী আবাসন খাতের বর্তমান মন্দাভাব কাটাতে ২০০৪ সালের ভূমি উন্নয়ন নীতিমালা সংস্কার করে নতুন প্রকল্প অনুমোদনের দাবি জানান।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবারের রিহ্যাব মেলার আহ্বায়ক রবিউল হক। অনুষ্ঠানে রিহ্যাবের কার্যকরী কমিটির সদস্যসহ রিয়েল এস্টেট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি ও আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই বিপুলসংখ্যক দর্শনার্থী মেলায় আসেন। অনেকেই মেলায় অংশ নেওয়া বিভিন্ন রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের স্টলে জমি ও ফ্ল্যাটের খোঁজখবর নেন।আয়োজকেরা জানান, আজ শুক্রবার সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। তবে কাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা ও পরশু রোববার মেলা চলবে বেলা একটা থেকে রাত ১০টা পর্যন্ত। ১৯ ডিসেম্বর শেষ দিন মেলা চলবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলায় জনপ্রতি প্রবেশের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা।