পানের ইউরোপ যাত্রা আরও পেছাল

পানে ক্ষতিকর ব্যাকটেরিয়া ‘স্যালমোনেলা’র অস্তিত্ব পাওয়ায় এ বছরের ১৩ ফেব্রুয়ারি এ দেশ থেকে পান আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই নিষেধাজ্ঞার আরও এক বছর বাড়িয়েছে ইউরোপের দেশগুলোর এই জোট।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পানে স্যালমোনেলার অস্তিত্ব পাওয়ার অভিযোগ রয়েছে কয়েক বছর ধরেই। এরই পরিপ্রেক্ষিতে ইইউর র্যাপিড অ্যালার্ট সিসটেম ফর ফুড অ্যান্ড ফিড (আরএএসএফএফ) বাংলাদেশ থেকে পান আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা ছিল এ বছরের ৩১ জুলাই পর্যন্ত। এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২৯ জুলাই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ের বাণিজ্য উপদেষ্টা জিল্লুল হাই রাজী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে পান রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের সময় ঠিক করা হয়েছিল জুলাই মাসে সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। সে অনুযায়ী পর্যালোচনা করে দেখা গেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও নানাভাবে পান রপ্তানির চেষ্টা হয়েছে এবং সেসব পানের মানও উন্নত হয়নি। সে কারণেই নতুন করে আগামী ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’
অবশ্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি জানা নেই বাংলাদেশ ফল ও সবজি এবং এ-সংক্রান্ত পণ্য রপ্তানিকারক সমিতির (বিএফভিএপিইএ)। সংগঠনের উপদেষ্টা মনজুরুল ইসলাম প্রথম আলোকে এমন তথ্যই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা এখনো এমন কোনো চিঠি পাইনি। তবে আমরা যেহেতু পান থেকে স্যালমোনেলা ব্যাকটেরিয়া দূর করতে পেরেছি, তাই আমাদের চেষ্টা থাকবে দ্রুত ইউরোপে আবার পান রপ্তানি শুরু করতে।’
বিশেষজ্ঞরা বলছেন, স্যালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমিত পান খেলে মারাত্মক ডায়রিয়া ও বমির আশঙ্কা থাকে। এই ব্যাকটেরিয়ার প্রভাবে গ্যাসট্রিক ও আলসারের মতো রোগও হতে পারে।
রপ্তানিকারক সমিতির তথ্য অনুযায়ী, এ দেশ থেকে যত পান রপ্তানি হয় তার অর্ধেকই যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আর ৪৫ শতাংশ যায় ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে। বাকি ৫ শতাংশ যায় অন্যান্য দেশে। বেশি পান রপ্তানি হয় যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, সৌদি আরব ও দুবাইয়ে।
জানা গেছে, পানের জন্য আলাদা কোনো এইচএস কোড নেই। পান রপ্তানি হয় ফুল ও পাতা (কাট ফ্লাওয়ার অ্যান্ড ফলিয়েজ) বিভাগের আওতায়। রপ্তানিকারকেরা বলছেন, ফুল ও পাতার আওতায় যত পণ্য রপ্তানি হয় তার ৯০ শতাংশই হচ্ছে পান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবির) তথ্য অনুযায়ী, ইইউতে রপ্তানি নিষেধাজ্ঞার প্রভাবে গত বছর পান রপ্তানি কমে গেছে। গেল ২০১৩-১৪ অর্থবছরে ফুল ও পাতার আওতায় পণ্য রপ্তানি হয়েছে তিন কোটি ৯৩ লাখ ডলারের। এর আগে ২০১২-১৩ অর্থবছরে চার কোটি ১৪ লাখ, ২০১১-১২ অর্থবছরে পাঁচ কোটি চার লাখ, ২০১০-১১ অর্থবছরে চার কোটি ২৮ লাখ এবং ২০০৯-১০ অর্থবছরে তিন কোটি ৯৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
বাংলাদেশে ইইউ কার্যালয় সূত্র জানায়, পান রপ্তানি নিষেধাজ্ঞা আরোপিত থাকার পরও বিভিন্ন সবজির আড়ালে ইউরোপে পান রপ্তানির উদ্যোগ নিয়েছিলেন রপ্তানিকারকেরা। এমন বেশ কয়েকটি চালান ধরাও পড়ে।সর্বশেষ ২৯ জুলাই হিথ্রো বিমানবন্দরে এমন একটি চালান ধরা পড়ে।
অবশ্য ইইউর আগেই গত বছরের ১৫ মে বাংলাদেশ সরকার স্বেচ্ছায় এ দেশ থেকে ইইউভুক্ত দেশগুলোতে পান রপ্তানি নিষিদ্ধ করে। কিন্তু এই নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশ থেকে ইউরোপের দেশগুলোতে পান রপ্তানি হয়।
পান রপ্তানির নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো-সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের দাপ্তরিক নথিতে বলা হয়, ২০১১ সাল থেকে বাংলাদেশি পানের কয়েকটি চালানে স্যালমোনেলা ব্যাকটেরিয়ার অস্তিত্ব পায় যুক্তরাজ্য। ইইউভুক্ত অন্য কয়েকটি দেশেও পানের চালানে এই ব্যাকটেরিয়ায় অস্তিত্ব পাওয়া যায়। আবার বাংলাদেশ সরকার স্বেচ্ছায় পান রপ্তানি নিষিদ্ধ করলেও তা পুরোপুরি কার্যকর হতে দেখা যায়নি। পানে পাওয়া যাওয়া স্যালমোনেলা ব্যাকটেরিয়া দূর করার ক্ষেত্রেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। আবার রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের পরও ইউরোপের দেশগুলোতে অন্তত নয়টি পানের চালান যাওয়ার প্রমাণ পেয়েছে ইইউর সংস্থা আরএএসএফএফ। এসব কারণেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ।
বাংলাদেশ ফল-সবজি রপ্তানিকারক সমিতি অবশ্য বলছে তারা পান থেকে স্যালমোনেলা ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম হয়েছে। আর এ জন্য একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক বাহানুর রহমান। গত মে মাসে রাজধানীর একটি হোটেলে সবজি রপ্তানিকারক সমিতি আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, খাওয়ার পানির সঙ্গে তাঁর উদ্ভাবিত মিল্ড অর্গানিক এজেন্ট ‘স্যালমোসান’ মিশিয়ে পানকে স্বাস্থ্যসম্মতভাবে ধুয়ে নিতে হবে। এর মধ্য দিয়ে সেই পান স্যালমোনেলা মুক্ত হবে। এরপর ওই অর্গানিক উপাদানটি দূর করতে পানটি আবার খাওয়ার পানি দিয়ে ধুতে হবে।
সমিতির উপদেষ্টা মনজুরুল ইসলাম বলেন, ‘সপ্তাহ খানেকের মধ্যে পানের একটি চালান ইউরোপে পাঠানো যায় কি না, সে বিষয়ে
আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা পানের স্যালমোনেলা ব্যাকটেরিয়া দূর করতে পেরেছি। আশা করছি, এই চালানটি গেলে ইউরোপীয় ইউনিয়ন তাদের সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারে।’
বাংলাদেশ থেকে পান রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন
রপ্তানি নিষেধাজ্ঞা থাকবে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত
‘‘পর্যালোচনা করে দেখা গেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও নানাভাবে পান রপ্তানির চেষ্টা হয়েছে এবং সেসব পানের মানও উন্নত হয়নি। সে কারণেই নতুন করে আগামী ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে
জিল্লুল হাই রাজী
বাণিজ্য উপদেষ্টা, ইইউ বাংলাদেশ কার্যালয়