পাবনার স্বর্ণকারেরা বেজায় খুশি
বছর দুয়েক ধরে পাবনার বেড়া উপজেলার স্বর্ণালংকার শিল্পে যে স্থবিরতা চলছিল, এবারের ঈদে তা অনেকটাই কেটে গেছে।
স্বর্ণকারেরা জানান, সোনার দাম কমায় লোকজনের মধ্যে স্বর্ণালংকার তৈরি বা কেনায় আগ্রহ বেড়েছে। ফলে বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। তাঁরা আরও জানান, ২০১১ সালের প্রথম দিকে প্রতি ভরি পাকা সোনার দাম ছিল ৪১ হাজার টাকা। একপর্যায়ে তা বেড়ে ৫৫ থেকে ৫৭ হাজার টাকায় ওঠে। এতে স্বর্ণালংকার তৈরির কাজ একেবারেই কমে যায়। যে কারণে গত দুই বছরে চারটি ঈদ ও দুটি দুর্গা পূজায় অলংকারের ব্যবসা হয়নি বললেই চলে। মাস তিনেক আগে সোনার দাম কমে ৪২ হাজারে নেমে আসায় স্থবিরতা কাটতে শুরু করে।
তবে সপ্তাহ তিনেক আগে সোনার দাম বেড়ে ভরিপ্রতি ৪৫ হাজার টাকায় উঠলেও ব্যবসায়ে তেমন ভাটা পড়েনি। বেড়া উপজেলা স্বর্ণালংকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গৌর কর্মকার বলেন, ‘এবারের ঈদে কাজ ভালোই হচ্ছে। আসলে সোনার দাম মানুষের সাধ্যের মধ্যে থাকলে স্বর্ণালংকার শিল্পে কোনো সমস্যা হয় না।’
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার স্বর্ণকারেরা স্বর্ণালংকার তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন। অনেক দোকানে কারিগরেরা সারা রাত জেগেও কাজ করছেন বলে জানান।
বেড়া বাজারের স্বর্ণকার বিশ্বজিৎ বিশ্বাস বলেন, ‘গত দুই-তিন বছর কাজ না থাকায় আমাদের কষ্টে সংসার চালাতে হয়েছে। কিন্তু এবারের ঈদে কাজের চাপে নাওয়া-খাওয়ার সময়ও নেই। স্বর্ণালংকারের ব্যবসায় সুদিন ফিরে আসছে বলে মনে হচ্ছে।’
সমিতির তথ্য অনুযায়ী বেড়া উপজেলায় বর্তমানে স্বর্ণালংকার তৈরির দেড় শতাধিক দোকান রয়েছে। এসব দোকানে প্রায় এক হাজার স্বর্ণকার কাজ করেন। সাধারণত ঈদ বা পূজার মৌসুমে স্বর্ণকারেরা অতিরিক্ত কাজ করে বাড়তি আয় করে থাকেন।