পাবনায় হকার্স ব্যবসায় মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকের দাম বেড়ে যাওয়ায় পাবনার হকার্স মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে এবারের ঈদের বেচাবিক্রিতে মন্দা চলছে। বাজেটের চেয়ে দাম বেশি হওয়ায় স্বল্প আয়ের অনেক ক্রেতাই পছন্দমতো পোশাক কিনতে পারছেন না। প্রতিবছরের তুলনায় এবার বিক্রি কম হয়েছে। পাবনা শহরের পৌর হকার্স মার্কেটে গত মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে রংবেরঙের পোশাকে সাজানো হয়েছে পুরো বিপণিবিতান। তবে ক্রেতার ভিড় খুব একটা নেই। যাঁরা আছেন, তাঁরা পছন্দসই পোশাক কিনতে এ দোকান থেকে সে দোকানে ঘুরছেন।দুই ছেলে ও এক মেয়ের জন্য পোশাক কিনতে জেলার দ্বীপচর মহল্লার বাসিন্দা রমজান আলী এসেছেন। তিনি জানালেন, সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘুরে মাত্র দুই ছেলের জন্য দুটো শার্ট কিনেছেন। পছন্দ ও দামে মিল না হওয়ায় অন্যদের পোশাক কেনার জন্য তখনো ঘুরছেন। ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, পোশাকের দাম প্রায় দেড়গুণ বেড়েছে। ফলে ক্রয় খরচ, পরিবহন খরচ ও শ্রমিক খরচ বাদ দিয়ে যে দামে বিক্রি হচ্ছে তাতে কোনো লাভ থাকছে না।আবদুল হামিদ সড়কে ফুটপাতের দোকানি আরমান হোসেন বলেন, ‘প্রতিবছর ঈদের আগে দম ফেলার সময় পাইনে। কিন্তু ইবার কাস্টমার নাই। যা মাল আনছিলেম ওবাই পরে রইচে।’পাবনা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম বলেন, জেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০ থেকে ১২ হজার ফুটপাতের দোকান রয়েছে। প্রতি ঈদে পুরো জেলায় যা বিক্রি হয় তার ৩০ শতাংশই হয় এই ফুটপাতের দোকানগুলোতে। কিন্তু বিভিন্ন কারণে তৈরি পোশাকের দাম বৃদ্ধি পাওয়ায় ফুটপাত ও হকার্স মার্কেটে বিক্রি কমে গেছে।