পারস্পরিক বিনিয়োগনীতি সহজ করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় অঞ্চলে পারস্পরিক বিনিয়োগ বাড়াতে নীতি-সহায়তা প্রয়োজন। প্রয়োজন এক দেশের পুঁজি অন্য দেশে বিনিয়োগের সুযোগ দেওয়া। এ জন্য বিভিন্ন দেশের মধ্যে বিনিয়োগে দ্বিপক্ষীয় নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে। নিজেদের নির্দিষ্ট খাতভিত্তিক বিনিয়োগের উপযোগিতা তুলে ধরতে হবে।গতকাল রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয় দিনে ‘দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক কর্ম-অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। এ সময় বক্তারা আরও বলেন, এই অঞ্চলে পারস্পরিক বিনিয়োগপ্রবাহ বাড়াতে দরকার সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আস্থা। পণ্যের সহজ যাতায়াত না হলে আস্থা তৈরি হবে না। এতে বিদেশি বিনিয়োগপ্রবাহও বাড়বে না। বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো তৈরির ওপর গুরুত্ব দেন তাঁরা। সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক এই কর্ম-অধিবেশনে সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ, ভারত, নেপালসহ সংশ্লিষ্ট দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।কলকাতা চেম্বারের সাবেক সভাপতি মহেশ কুমার সাহারিয়া বলেন, বাণিজ্য ও বিনিয়োগের মধ্যে ভিন্নতা রয়েছে। বিনিয়োগের প্রয়োজন পারস্পরিক আস্থা ও নিরাপত্তা। বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারি নীতি-সহায়তা, পুঁজিবাজারগুলোর মধ্যে সম্পৃক্ততা ও সার্ক বিনিয়োগ তহবিল গঠনের সুপারিশ করেন তিনি। ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ অবশ্য দ্বিপক্ষীয় ভিত্তিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রতিষ্ঠান বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারচাহিদাকে পুঁজি করে বিনিয়োগ করতে পারে। এ ছাড়া একই প্রতিষ্ঠান ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসহ বিশ্বের অন্য দেশেও পণ্য রপ্তানি করতে পারবে। বাংলাদেশের সিলেটে বেসরকারি উদ্যোগে এ ধরনের বিনিয়োগের জন্য প্রথম বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (এসইজেড) তৈরি হচ্ছে বলেও তিনি জানান। সার্ক চেম্বারের সহসভাপতি নেপালের প্রদীপ কুমার শ্রেষ্ঠার মতে, জ্বালানি, পর্যটন, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, কৃষি ও বস্ত্র খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘গত শতাব্দীতে আমরা শুধু বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। প্রশ্ন, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এ ক্ষেত্রে বেসরকারি খাত এগিয়ে আসতে পারে।’ তিনি আরও বলেন, ‘কেন আমরা সার্ক ব্যাংকের কথা চিন্তা করছি না?’ ভারতের কনজ্যুমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট সোসাইটির (কাটস) মহাসচিব প্রদীপ এস মেহতা সার্কভুক্ত দেশগুলোয় নিজস্ব প্রতিযোগিতা আইন বাস্তবায়ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। তাঁর মতে, রাজনৈতিক সদিচ্ছার অভাব ও রক্ষণশীল মনোভাবের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিযোগিতা আইন বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে। সরকার ও বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অস্বচ্ছ সম্পর্কের কারণেও তা বাধাগ্রস্ত হচ্ছে। এ ধরনের পরিস্থিতি পর্যাপ্ত নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে পারছে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন।ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়ার অধ্যাপক শহীদ আহমেদ বলেন, ‘একটি অঞ্চলের সব দেশের মধ্যে পণ্যের সহজ যাতায়াত না থাকলে আস্থা আসবে না। এমন অবস্থা চলতে থাকলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যাবে না।’শহীদ আহমেদ আরও জানান, এই অঞ্চলের দারিদ্র্য কমাতে পারস্পরিক বিনিয়োগ প্রয়োজন। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে অর্থনীতির ঝুঁকি এড়াতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে বিনিয়োগকে উৎসাহিত করা উচিত। সিপিডির জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এই অঞ্চলের বিনিয়োগ আকর্ষণে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে বিনিয়োগে দ্বিপক্ষীয় নিষেধাজ্ঞা রয়েছে। আবার ভারত ছাড়া কোনো দেশের নাগরিকই তাদের মূলধন বিদেশি বিনিয়োগের জন্য নিয়ে যেতে পারে না। মূলধনি হিসাব স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মোয়াজ্জেমের মতে, এখন ভারত ছাড়া অন্য দেশ এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত নয়। তাঁর মতে, সার্ক সচিবালয়, সার্ক চেম্বারসহ বিভিন্ন দেশের বাণিজ্য সংগঠনকেই এসব বিনিয়োগনীতি সহজ করার জন্য সংশ্লিষ্ট দেশের সরকারকে উৎসাহিত করতে হবে। সভাপতির ভাষণে আনিসুল হক বলেন, প্রায় দেড় শ কোটি লোকের বসতির এই অঞ্চলের বিশাল বাজারে বিদেশি বিনিয়োগপ্রবাহ সন্তোষজনক নয়। অঞ্চলের এক দেশ থেকে আরেক দেশে যাতায়াতও সব সময় সহজ নয়। বিশেষত এই অঞ্চলের উদ্যোক্তাদের ভারতের ভিসা পেতে বেশ ভোগান্তি পোহাতে হয় বলে তিনি মন্তব্য করেন।