নেপালে সার্ক ব্যবসায়ী সম্মেলন
পারস্পরিক যোগাযোগ ও বিনিয়োগে প্রাধান্য দিয়ে কাঠমান্ডু ঘোষণা গ্রহণ
দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক যোগাযোগকে (কানেকটিভিটি) প্রাধান্য দিয়ে নয় দফাসংবলিত ‘কাঠমান্ডু ঘোষণা’ গ্রহণ করা হয়েছে সার্কভুক্ত দেশের ব্যবসায়ী সম্মেলনে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিন দিনব্যাপী এই সম্মেলনের শেষ দিনে গত বৃহস্পতিবার এ ঘোষণা গ্রহণ করা হয়। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের সমাপনী অধিবেশনে সার্ক চেম্বারের মহাসচিব ইকবাল তাবিশ কাঠমান্ডু ঘোষণা পাঠ করেন। পরে নয় দফাসংবলিত এ ঘোষণা গ্রহণ করা হয়। আগামী নভেম্বর মাসে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে এসব সুপারিশ বাস্তবায়নে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কাঠমান্ডু ঘোষণায় আশা প্রকাশ করা হয়।কাঠমান্ডু ঘোষণায় রয়েছে: ২০১০-২০ সময়কালকে ‘আঞ্চলিক যোগাযোগ দশক’ বাস্তবায়নের কর্মপরিকল্পনা গ্রহণ, ভৌত যোগাযোগের পাশাপাশি মনস্তাত্ত্বিক যোগাযোগকে প্রাধান্য দেওয়া, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ভৌগোলিক অবস্থানগত সুবিধা কাজে লাগাতে সড়ক, রেল ও বন্দর-সুবিধা তৈরি করা, বিনিয়োগ বাড়াতে আঞ্চলিক বিনিয়োগ চুক্তি ও সাফটা কার্যকরের মাধ্যমে সমন্বিত অর্থনৈতিক অংশীদারি প্রতিষ্ঠা করা, পানিসমস্যা, জ্বালানিসংকট, খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়া, আর্থসামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে উদ্যোক্তা তৈরি করা। এ ছাড়া সর্বশেষ দফায় আঞ্চলিক সহযোগিতার জন্য সাতটি সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলো হলো—অভিন্ন জ্বালানিনীতি গ্রহণ, কাস্টমস-প্রক্রিয়া ও সমন্বিত মান নিয়ন্ত্রণব্যবস্থা, ব্যবসায়ী মাল্টিপল ভিসা প্রদান-প্রক্রিয়া সহজ করা, আঞ্চলিক মোটরযান পরিবহন চুক্তি চূড়ান্ত করা, উন্মুক্ত আকাশনীতির আওতায় সব বড় শহরের সঙ্গে ফ্লাইট চালু করা, প্রতিটি দেশের টিভি চ্যানেল সব দেশে সম্প্রচারের সুযোগ তৈরি এবং ঐতিহ্য রক্ষায় সাউথ এশিয়ান ইন্টিগ্রেশন অ্যান্ড প্রমোশনাল এজেন্সি গঠন করা। কাঠমান্ডুর সোয়ালটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে তিন দিনের বিভিন্ন অধিবেশনে সার্কভুক্ত দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, খ্যাতিমান ব্যক্তিত্ব, নারী উদ্যোক্তারা অংশ নেন। এসব অধিবেশনে উঠে আসা সুপারিশের ভিত্তিতেই মূলত কাঠমান্ডু ঘোষণা তৈরি করা হয়েছে। ২০ সেপ্টেম্বর সম্মেলনের উদ্বোধন করেন নেপালের প্রেসিডেন্ট রামবরণ যাদব। সম্মেলনের দ্বিতীয় দিনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তবাণিজ্য বাড়াতে রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার ওপর জোর দেওয়া হয়। দিনের অন্য কর্ম-অধিবেশনে পরিবেশ বিপর্যয়ের চ্যালেঞ্জ মোকাবিলা, জ্বালানিসংকট, পানিসমস্যা, খাদ্যনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শেষ দিনে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে সাফটা সময়মতো বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া সাফটাকে দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়নে রূপান্তরের সুপারিশও আসে এই কর্ম-অধিবেশনে। এ ছাড়া ‘সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব তৈরি’ শীর্ষক অধিবেশনে সংশ্লিষ্ট দেশের সফল তরুণ উদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন। সার্ক চেম্বারের সভাপতি বাংলাদেশের আনিসুল হক প্রথম আলোকে জানান, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব। শুধু ভৌত নয়, মানসিক যোগাযোগ বৃদ্ধি; অর্থাৎ সংশ্লিষ্ট দেশের নাগরিকদের মধ্যেও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করতে হবে। আনিসুল হক আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে সংশ্লিষ্ট নেতারা কাঠমান্ডু ঘোষণার সুপারিশগুলো বাস্তবায়ন করবেন। ‘আঞ্চলিক কানেকটিভিটির মাধ্যমে শান্তি সমৃদ্ধি’ শীর্ষক এই সম্মেলনে সার্কভুক্ত আট দেশের ছয় শতাধিক প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তানের প্রতিনিধিরা বিভিন্ন কর্ম-অধিবেশনে অংশ নেন। উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে বিভিন্ন কর্ম-অধিবেশনে বক্তব্য দেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী রত্নসিড়ি বিক্রমানায়েকে, বাংলাদেশের অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, নেপালের প্রতিরক্ষামন্ত্রী সুরাত সিং বান্দারি, বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, পাকিস্তানের সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী সারতাজ আজিজ, সার্ক চেম্বারের সাবেক সভাপতি দেশবন্ধু ম্যাকি হাশিম, নেপাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুরজ বৈদ্য, সার্ক চেম্বারের সাবেক সভাপতি তারিক সাঈদ, বলিউডের বিশিষ্ট অভিনেত্রী মনীষা কৈরালা, পুনম ধীলন, বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল প্রমুখ।