পারস্পরিক সহযোগিতা নিয়ে সিআইডি ও এফবিআইয়ের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তের বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গতকাল রোববার সিআইডি কার্যালয়ে এফবিআইয়ের একজন সদস্য সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
বেলা দুইটা ১০ মিনিটের দিকে এফবিআইয়ের ওই সদস্য সিআইডি কার্যালয়ে আসেন এবং ৩০ মিনিটের মতো সিআইডির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় সেখানে সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল আলম, অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহ আলম, সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মীর্জা আবদুল্লাহেল বাকীসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিআইডির কর্মকর্তারা আলোচনাটিকে অনানুষ্ঠানিক বলে দাবি করলেও এ সময় তাঁরা ফরেনসিক (বৈজ্ঞানিক ও প্রযুক্তির ব্যবহার করে ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ ও কার্যকারণ খুঁজে বের করা) তদন্তের মাধ্যমে হ্যাকারকে খুঁজে বের করা এবং অর্থের মূল সুবিধাভোগীকে শনাক্তকরণের মাধ্যমে অন্য অংশীদারদের চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ২ কোটি মার্কিন ডলার চলে যায় শ্রীলঙ্কায়। আর ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনে। যার মধ্য থেকে শ্রীলঙ্কার ২ কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ফিলিপাইনে যাওয়া অর্থের বড় অংশেরই হদিস মিলছে না। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ১৫ মার্চ পদত্যাগে বাধ্য হন। দুজন ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়া হয়। আর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব এম আসলাম আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এফবিআইয়ের বাংলাদেশ অফিসের কর্মকর্তার সঙ্গে আলোচনা শেষে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহ আলম সাংবাদিকদের বলেন, ‘মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটি হলো আইটি ফরেনসিক ইস্যুতে। সুনির্দিষ্টভাবে কোন কম্পিউটার থেকে হ্যাকিং হয়েছে, সেটা চিহ্নিত করা এবং আইপি অ্যাড্রেস চিহ্নিত করে অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা করা। সেখানে তারা আমাদের সাহায্য করতে পারে বা আমরা তাদের সাহায্য করতে পারি। আরেকটা হচ্ছে অর্থের যিনি চূড়ান্ত সুবিধাভোগী, তার পিছু ধাওয়া করে অন্য অংশীদারদের চিহ্নিত করা।’
সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘এখানে দুই পক্ষেরই স্বার্থ রয়েছে। আমাদের স্বার্থ হচ্ছে অর্থটা যেখানে গিয়েছে, সেখান থেকে ফিরিয়ে আনা। আর তাদের স্বার্থ হলো একই রকম অপরাধ আরও যারা করতে পারে, তাদের চিহ্নিত করা।’
এদিকে ঘটনাটি বহুজাতিক অপরাধ বলে আখ্যায়িত করে তদন্তে বাংলাদেশ ছাড়াও আরও তিনটি দেশ পরিদর্শন অত্যাবশ্যকীয় বলে জানিয়েছেন সিআইডির কর্মকর্তারা। তদন্তকাজ শেষ করে আইনি প্রক্রিয়ার মধ্যে যেতেও দীর্ঘ সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছেন তাঁরা।
আবদুল্লাহেল বাকী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনাটি একটি বহুজাতিক অপরাধ। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ফেডারেল রিজার্ভ ব্যাংক যুক্তরাষ্ট্রে অবস্থিত। আরসিবিসি অবস্থিত ফিলিপাইনে এবং পেন এশিয়ান ব্যাংক অবস্থিত শ্রীলঙ্কায়। এ ঘটনার তদন্ত শেষ করতে হলে বাংলাদেশসহ অন্তত চারটি দেশের বিষয়গুলো তদন্ত করতে হবে। তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তারা দেশগুলোতেও যাবেন।
সিআইডির কর্মকর্তারা জানান, তদন্তে বাংলাদেশের যে অংশ রয়েছে তার প্রাথমিক পর্যায়ে রয়েছেন তাঁরা। বিশেষত বাংলাদেশ ব্যাংক থেকে তাঁরা এখন তথ্য সংগ্রহ করছেন। তবে বাংলাদেশ ব্যাংক ছাড়াও যখন যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে তাঁদের খোঁজখবর নেওয়া দরকার হবে, তখন তদন্তকারী হিসেবে তাঁরা সেখানে গিয়েই তাঁদের জিজ্ঞাসাবাদ করবেন।
আবদুল্লাহেল বাকী গতকাল প্রথম আলোকে বলেন, ফিলিপাইন গেলে অনেক কিছুর সমাধান খুঁজে পাওয়া সম্ভব বলে মনে করছেন তাঁরা।
তবে সিআইডির কর্মকর্তারা বলেছেন, তদন্তের কাজে বিদেশ যাওয়াতেও কিছু জটিলতা রয়েছে। কোনো দেশে তদন্ত করতে যেতে হলে শুধু দুই দেশের সরকারেরই সম্মত হলে চলবে না, আদালতের অনুমতিও লাগবে।
১৫ মার্চ যুক্তরাষ্ট্রের ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় মামলা করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। পরদিন থেকেই তদন্তকাজ শুরু করে সংস্থাটি।
সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, মামলাটির তদন্ত সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগবে।