পার্টিকেল বোর্ড আমদানিতে শুল্কহার না কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় শিল্প রক্ষার স্বার্থে পার্টিকেল বোর্ড আমদানিতে শুল্কহার না কমিয়ে আমদানি শুল্ক ২৫ শতাংশ ও সম্পূরক শুল্ক ২০ শতাংশেই বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পার্টিকেল বোর্ড প্রস্তুতকারক সমিতি।সম্প্রতি সমিতির পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, দেশের মোট নয়টি পার্টিকেল বোর্ড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বছরে ১৮ লাখ পিস বোর্ড উৎপাদন করে। চাহিদা মেটানোর পরও প্রায় চার লাখ পিস বোর্ড বাড়তি থাকে।সমিতির সভাপতি আজিজ আল-কায়সার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় আসবাবপত্র রপ্তানিকারকদের সুবিধার্থে পার্টিকেল বোর্ড আমদানিতে শুল্ক ২৫ থেকে ১২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এ কারণে অসাধু ব্যবসায়ীরা আসবাব রপ্তানির নামে বোর্ড আমদানি করবে এবং স্থানীয় বাজারে কম মূল্যে বিক্রি করার সুযোগ পাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থা চলতে থাকলে আমদানি করা পণ্যের সঙ্গে স্থানীয় পণ্য প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাবে। অন্যদিকে স্থানীয় পার্টিকেল বোর্ড উৎপাদনকারী শিল্প রুগ্ণ হয়ে পড়বে। কিন্তু আসবাবপত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান শুল্ক ফেরত ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। এ জন্য বোর্ড আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক আগের অবস্থায় থাকলে তাদের লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে দাবি করেছে পার্টিকেল বোর্ড প্রস্তুতকারক সমিতি। সমিতি আরও বলেছে, দেশীয় পার্টিকেল বোর্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে প্রায় ৪৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ ছাড়া বোর্ড উৎপাদনে প্রধান কাঁচামাল হচ্ছে পাটখড়ি, যার সঙ্গে দেশের প্রত্যন্ত এলাকার কৃষকদের জীবন-জীবিকা জড়িত। এসব কারণে বোর্ড আমদানিতে আগের শুল্ককাঠামো বহাল রাখা প্রয়োজন।