পার্বত্য অঞ্চলের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে শ্রমকল্যাণ কমপ্লেক্স নির্মাণ করবে সরকার। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পটির শিরোনাম, দেশের পার্বত্য অঞ্চলের শ্রমিকদের কল্যাণ সুবিধাদি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং জোরদারকরণে ঘাগড়ায় একটি বহুবিধ সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স নির্মাণ। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, শ্রম পরিদপ্তর ২০২০ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ করবে। এই প্রকল্পের আওতায় পার্বত্য জেলায় বসবাসরত প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানে ১০ শয্যাবিশিষ্ট শ্রমকল্যাণকেন্দ্র নির্মাণসহ পাঁচতলা প্রশাসনিক ভবন, পুরুষ ও নারীদের পৃথক হোস্টেল, ডরমিটরি নির্মাণ হবে।
এদিকে তথ্য আপা প্রকল্পটি ২০২২ সাল পর্যন্ত চলবে। তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পটির মাধ্যমে ৪৯০টি উপজেলায় তথ্যপ্রযুক্তিকেন্দ্র স্থাপন করে নারীদের তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হবে।
গতকালের একনেকের সভায় এই দুটি প্রকল্পসহ ২ হাজার ৭২৪ কোটি টাকার মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে দেশজ উৎস থেকে দেওয়া হবে ১ হাজার ৯৩০ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে ৭৯৪ কোটি টাকা।
অনুমোদিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হলো লাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবন্দ থেকে মিনার বাড়ি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ; কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়); কনভারশন অব ১৫০ মেগাওয়াট সিলেট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট টু ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট; গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (চট্টগ্রাম অঞ্চল) প্রকল্প; নেত্রকোনা-বিশিউড়া-ঈশ্বরগঞ্জ সড়ক উন্নয়ন; বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) অবকাঠামো নির্মাণ ও কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প।