প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সংলাপে বক্তারা হতাশা প্রকাশ করেছেন এই বলে যে অর্থমন্ত্রীর পুরো বাজেট বক্তৃতায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি লাইনও বলা হয়নি।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপক মাহফুজ কবীর বলেন, ‘আশ্চর্যের বিষয় হলো, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় একবারের জন্যও পার্বত্য চট্টগ্রাম শব্দটির কোনো উল্লেখ নেই। অথচ, ২০১১-১২ অর্থবছর থেকে পার্বত্য চট্টগ্রাম বাজেট বক্তৃতায় ভালোভাবেই উল্লেখ থাকত।’
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও সংলাপের আয়োজক উন্নয়ন সমন্বয়ের ইমেরিটাস ফেলো খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামে যদিও জনসংখ্যা কম, তবুও বিশেষায়িত এলাকা। তাই অন্তত একটি অনুচ্ছেদ তিনি (অর্থমন্ত্রী) রাখতে পারতেন।’
সংলাপের বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরাও বলেন, ‘বাজেট বক্তৃতায় (পার্বত্য চট্টগ্রাম নিয়ে) তিন, চার, পাঁচ লাইন থাকলেও পার্বত্য চট্টগ্রামবাসী খুশি হতো।’
‘প্রস্তাবিত জাতীয় বাজেট ২০১৫-১৬: পার্বত্য চট্টগ্রাম পরিপ্রেক্ষিত’ শিরোনামে গতকাল মঙ্গলবার সংলাপটির আয়োজন করা হয়। এটি আয়োজনে সহযোগিতা করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়নসুবিধা প্রকল্প।
সংলাপে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) জ্যেষ্ঠ গবেষক মাহফুজ কবীর। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কমেছে। তবে অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে দ্বিগুণের বেশি।
চলতি বছরের সংশোধিত বাজেটে পার্বত্য চট্টগ্রামের জন্য সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ ছিল মোট বরাদ্দের দশমিক ৮৫ শতাংশ। প্রস্তাবিত বাজেটে এ হার দশমিক ৮২ শতাংশ। আবার জাতীয় পর্যায়ে মাথাপিছু বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পরিমাণ যেখানে ৬ হাজার ৩৮ টাকা, সেখানে পার্বত্য চট্টগ্রামের এডিপি ২ হাজার ৬২৪ টাকা।
মাহফুজ কবীর আরও বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাতটি প্রকল্প কর্মসূচির মধ্যে জেলা পরিষদের জন্য উন্নয়ন বরাদ্দ বাদে সব ক্ষেত্রেই চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের চেয়ে সংশোধিত বাজেটে কমে গেছে। আবার পার্বত্য অঞ্চলের বিশেষ বঞ্চিত জনগোষ্ঠীর (ম্রো, খুমি, লুসাই ও বম) জন্যও নতুন কোনো কর্মসূচি নেওয়া হয়নি। আদিবাসী নারী ও শিশুদের জন্য আলাদা উন্নয়ন প্রকল্প নেই।
সংলাপের অতিথি পার্বত্য চট্টগ্রামের স্বতন্ত্র সাংসদ ঊষাতন তালুকদার বলেন, ‘এ সরকার গরিবের সরকার নয়, ধনিক শ্রেণির সরকার। তাই বাজেটে ধনিক শ্রেণির স্বার্থ রক্ষা হয়।’ তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে এখানকার আয় দিয়েই ৮৬ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির বড় অংশ মেটানো যেত।
সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। এ কারণে উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ইব্রািহম খালেদ বলেন, পার্বত্য চট্টগ্রামের জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নেওয়া দরকার। এ অঞ্চলের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বেশি নিতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুর্বল। দুই খাতেই বরাদ্দ বাড়াতে হবে।
সংলাপে মুক্ত আলোচনায় বক্তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবে পার্বত্য চট্টগ্রামের জন্য বরাদ্দ কমানো হচ্ছে। এ অঞ্চলের জন্য আলাদা জেলা বাজেট করার দাবিও আসে সংলাপে। বলা হয়, এটি হলেই পার্বত্য অঞ্চলের চাহিদার ভিত্তিতে এ অঞ্চলের উপযোগী বাজেট পাওয়া যাবে।