বর্ধিত আমদানির কারণে তুরস্কের স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়নি। বরং প্রতিযোগিতা সক্ষমতার দুর্বলতায় দেশটির বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের অবস্থার কিছুটা অবনতি হয়েছে।এ ছাড়া বিশ্বমন্দার প্রভাব, মজুরির পরিমাণ বৃদ্ধি এবং ডলারের তুলনায় লিরার মূল্যমান কমে যাওয়ায় তুরস্কে স্থানীয় পণ্যের বিক্রি কমেছে।বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে তুরস্ক সরকারের সুরক্ষামূলক বা রক্ষাকবচ শুল্কারোপের (সেফগার্ড মেজার্স) তদন্তের উদ্যোগের বিপরীতে তৈরি করা অবস্থানপত্রে এসব যুক্তি তুলে ধরা হয়েছে।বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমানকে প্রধান করে গঠিত কোর কমিটি অবস্থানপত্রটি তৈরি করে। তুরস্কের উদ্যোগটি যে যথাযথ নয় এবং তা বাস্তবায়িত হলে তুরস্কে বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশের রপ্তানিই বন্ধ হয়ে যাবে—সে কথাও উল্লেখ করা হয়েছে এতে।নিজ দেশের শিল্প রক্ষার কথা বলে গত ১১ জানুয়ারি তৈরি পোশাক আমদানিতে রক্ষাকবচ শুল্কারোপের তদন্ত শুরুর একটি নোটিফিকেশন প্রকাশ করে তুরস্ক। এতে জানানো হয়, তদন্ত প্রক্রিয়া শেষ হতে ৯ থেকে ১১ মাস সময় লাগবে। চাইলে যে কেউ পক্ষ হতে পারে। সে অনুযায়ী পরে শুনানি অনুষ্ঠিত হবে।সূত্র জানায়, কাল সোমবার ও পরের দিন মঙ্গলবার তুরস্কে অনুষ্ঠেয় এ বিষয়ে শুনানিতে অংশ নিতে বাংলাদেশ থেকে একটি দল বর্তমানে তুরস্কে অবস্থান করছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন।তবে তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে সাময়িক শুল্কারোপের প্রস্তাব দেয় তুরস্ক সরকার। বলা হয়, বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য ২৭ শতাংশ, অনুন্নত দেশগুলোর জন্য ৩৭ শতাংশ ও চীনসহ উন্নত দেশগুলোর জন্য ৪০ শতাংশ শুল্কারোপ করা হবে।বর্তমানে বাংলাদেশসহ এলডিসিগুলো সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধায় তুরস্কে পোশাক রপ্তানি করছে। আর ভারতসহ উন্নয়নশীল দেশগুলো ৯ দশমিক ৬০ শতাংশ এবং চীন ও উন্নত দেশগুলো ১২ শতাংশ শুল্ক দিয়ে তুরস্কে পোশাক রপ্তানি করছে।বাংলাদেশের অবস্থানপত্রে বলা হয়েছে, তুরস্কের এই উদ্যোগে বাংলাদেশের স্বার্থরক্ষার অনেক যৌক্তিকতা রয়েছে। আর বর্ধিত আমদানির কারণেই তুরস্কের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের উৎপাদন কমেছে কি না, তা যাচাইসাপেক্ষ।তুরস্কের আমদানি-রপ্তানির তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ দেখেছে, নিট পোশাকের ২৬ পণ্যের মধ্যে আটটি এবং ওভেনে ৩৪ পণ্যের মধ্যে ১৪টিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। এতে দেখা যায়, বর্ধিত আমদানির কারণে তাদের শিল্পখাত ক্ষতিগ্রস্ত হয়নি।অবস্থানপত্র অনুযায়ী, বর্ধিত আমদানির পরিবর্তে বরং প্রতিযোগিতা সক্ষমতার দুর্বলতার কারণেই তুরস্কের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের অবনতি হয়েছে। এ ছাড়া তুরস্কে মজুরি বেড়েছে, কমেছে ডলারের তুলনায় স্থানীয় মুদ্রা লিরার মূল্যমান।তুরস্কের টেক্সটাইল সমিতি এবং সরকার এ বিষয়ে পরস্পরবিরোধী কৌশল গ্রহণ করেছে বলে অবস্থানপত্রে তুলে ধরা হয়েছে।বলা হয়েছে, তুরস্কের টেক্সটাইল সমিতির মধ্যমেয়াদি প্রবৃদ্ধির কৌশল হচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদনকে উন্নত করে উচ্চমানের পণ্য উৎপাদন করা। অন্যদিকে, নিম্নমানের পণ্য আমদানিকে নিরুৎসাহিত করে স্থানীয় নিম্নমানের পণ্য উৎপাদনকারীদের স্বার্থ সংরক্ষণ করতেই রক্ষাকবচ শুল্কারোপের তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তুরস্ক সরকার।সুতরাং, বাংলাদেশ তথা এলডিসির জন্য যদি ২৭ শতাংশ রক্ষাকবচ শুল্কারোপ করা হয়, তাহলে এই উচ্চ শুল্কারোপের কারণেই বাংলাদেশ থেকে তুরস্কে তৈরি পোশাকের রপ্তানি বন্ধ হয়ে যাবে।সূত্র জানায়, তুরস্ক বাংলাদেশি পণ্যের নবম বৃহত্তম আমদানিকারক। দেশটি ২০০৯-১০ অর্থবছরে দুই হাজার ৭০৭ কোটি টাকার পণ্য নেয় বাংলাদেশ থেকে।তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের পক্ষে তুর্কি সরকারকে এ ব্যাপারে গত জানুয়ারিতে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। এতে এলডিসি ও মুসলিম দেশ বিবেচনায় সেখানে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে। তুরস্কের উদ্যোগটির বিপরীতে বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, ট্যারিফ কমিশনসহ অনেক প্রতিষ্ঠান আপত্তি জানিয়ে নিবন্ধন করেছে বলে জানা গেছে।প্রসঙ্গত, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) রক্ষাকবচ পদক্ষেপ চুক্তি অনুযায়ী প্রতিটি দেশেরই রক্ষাকবচ শুল্কারোপের নিজস্ব আইন রয়েছে। ‘সেফগার্ড শুল্ক বিধিমালা, ২০১০’ শীর্ষক বাংলাদেশের আইনটি হয়েছে গত বছরের জুনে। যোগাযোগ করলে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, অবস্থাপত্রে বাংলাদেশের পক্ষের যুক্তিগুলো তুলে ধরা হয়েছে। এ দফা শুনানির পর ১৮ মার্চ দ্বিতীয় দফা শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। তারপর বোঝা যাবে, বিষয়টি বাংলাদেশের পক্ষে যাচ্ছে কি না।