পাসপোর্টের তথ্য দিলে ই-টিআইএন দেবে এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্টের তথ্য দিয়ে অনলাইন কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে চাইলে তা যাচাই-বাছাই করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তথ্য যাচাই-বাছাইয়ের পর এনবিআরের অনুমোদন পেলে ই-টিআইএন পাবেন করদাতা। এত দিন সংশ্লিষ্ট কর সার্কেল কার্যালয় এ ই-টিআইএন দিত।
অনাবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিকেরা সাধারণত পাসপোর্টের তথ্য দিয়ে টিআইএন নেন। গত ১৪ জানুয়ারি নতুন প্রক্রিয়ায় টিআইএন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। পুরোনো টিআইএনের বদলে ই-টিআইএন কিংবা নতুন ই-টিআইএন নিতে হলে অনাবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের এ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এনবিআর অনুমোদন দিলে স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তি ই-মেইলে তাঁর ই-টিআইএনের অনুলিপি পাবেন।
পাসপোর্টের তথ্য যাচাই-বাছাই করার মতো স্বয়ংক্রিয় পদ্ধতি নেই সার্কেল কার্যালয়ে। এনবিআরের কর্মকর্তাদের পাসপোর্ট অফিসের তথ্য-সম্ভার কিংবা বিদেশি নাগরিকদের ভিসা ও অন্যান্য দলিলের তথ্য যাচাই করার মতো সক্ষমতা রয়েছে। এতে মিথ্যা তথ্য দিয়ে ভুয়া টিআইএন নেওয়ার প্রবণতা কমে যাবে বলে মনে করেন কর কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০১৩ সালের জুলাই মাস থেকে ১০ সংখ্যাবিশিষ্ট পুরোনো টিআইএনের বদলে ১২ সংখ্যাবিশিষ্ট ই-টিআইএন দেওয়ার কার্যক্রম শুরু হয়। সাধারণত জাতীয় পরিচয়পত্র দিয়েই ই-টিআইএন নেওয়া যায়। তবে অনাবাসী বাংলাদেশি কিংবা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে সেই সুযোগ নেই। ই-টিআইএন ছাড়া এখন বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া যায় না।