পায়রা বন্দরে পণ্য খালাস করা গেল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়রা বন্দরে পণ্য খালাস করতে পারল না চীন থেকে আসা জাহাজ এমভি ফরচুন বার্ড। চট্টগ্রামের কুতুবদিয়ার বহির্নোঙরে ওই জাহাজের পণ্য খালাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সোমবার ভোর পাঁচটার সময় পায়রা বন্দরের বহির্নোঙর থেকে জাহাজটি কুতুবদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় খালাস করা যায়নি।

বন্দর সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই চীন থেকে ৫২ হাজার ৩৭৯ মেট্রিক টন পাথর নিয়ে পায়রা বন্দরে আসে এমভি ফরচুন বার্ড নামের হংকংয়ের পতাকাবাহী এ জাহাজটি। ২২ দিন ধরে জাহাজটি ৩০ নটিক্যাল মাইল দূরে বহির্নোঙরে অপেক্ষা করেছে। সিলেটের পাথর ও কয়লা আমদানিকারক মো. জালাল উদ্দিন পদ্মা সেতু প্রকল্প এবং কয়েকটি চীনা প্রকল্পের কাজের জন্য এসব পাথর আমদানি করেন।

এ ছাড়া ১৪ আগস্ট মালয়েশিয়া থেকে ১২ হাজার ৫০২ মেট্রিক টন ক্লিংকার নিয়ে পায়রা বন্দরের বহির্নোঙরে এসেছে এমভি এফএস বিচ নামের আরেকটি জাহাজ। সাংসদ হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপ এসব পণ্য আমদানি করেছে। এ জাহাজটি থেকেও গত শনিবার লাইটার জাহাজ হাজি সেলিম-১ নিয়ে পণ্য খালাস করার চেষ্টা চালানো হয়। জাহাজটি বহির্নোঙরের উদ্দেশে রওনা দেওয়ার পর হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলে মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছে।

মিদনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) মো. কামরুল হাসান বলেন, ‘মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাসের জন্য তিনটি লাইটার জাহাজ প্রস্তুত করে রাখা হয়েছে। তা ছাড়া শুল্কায়নসহ অন্য সব কাজ সেরে ফেলা হয়েছে। আবহাওয়া একটু ভালো হলে আমরাই প্রথম পায়রা বন্দরে পণ্য খালাস করতে পারব বলে আশা করছি।’ তিনি আরও বলেন, ১০ দিন পরে মালয়েশিয়া থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।

এমভি ফরচুন বার্ড জাহাজের দেশীয় শিপিং এজেন্ট গালফ ওরিয়েন্ট িস ওয়েজ লিমিটেডের প্রতিনিধি সমীর মুখার্জি জানান, বেশ কয়েকবার লাইটার জাহাজের মাধ্যমে বহির্নোঙরে গিয়ে পণ্য খালাস করার চেষ্টা করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সব চেষ্টা ব্যর্থ হয়েছে। যার ফলে চট্টগ্রামের কুতুবদিয়ার বহির্নোঙরে পণ্য খালাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কুতুবদিয়ায় ২৭ হাজার টন পণ্য খালাস করার পর জাহাজটি হালকা হলে পায়রা বন্দরের ১৩-১৪ নম্বর ফেয়ারওয়ে বয়া বরাবর নিয়ে আসা হবে এবং বাকি ২৬ হাজার ৩৭৯ টন পণ্য পায়রা বন্দরের ওই পয়েন্টে খালাস করা হবে।

পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মো. জালাল উদ্দিনের পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, ‘মাদার ভ্যাসেল ফরচুন বার্ড থেকে সময়মতো পণ্য খালাস করতে না পারায় আমরা আর্থিক ক্ষতির মধ্যে পড়েছি। ১২টি লাইটার জাহাজের ভাড়া, এর সঙ্গে যুক্ত লোকজনের খাবার খরচ, তেল খরচ, স্টিভেটর হাউসের খরচ, পরিবহন খরচ মিলিয়ে অন্তত আড়াই কোটি টাকা গুনতে হয়েছে।’ তিনি আরও বলেন, ওই জাহাজটি থেকে ১৮ দিনে গড়ে প্রতিদিন ৩ হাজার টন পণ্য খালাস করার কথা ছিল। তা সম্ভব না হওয়ায় জাহাজের মালিক ক্ষতিপূরণও দাবি করতে পারে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের সচিব মুহাম্মদ রেজাউল কবীর বলেন, পণ্য খালাসের জন্য বারবার চেষ্টা করা হয়েছে। সাগর স্বাভাবিক না থাকায় লাইটার জাহাজগুলো ফরচুন বার্ডের কাছে যেতে পারছিল না। পণ্য আমদানিকারকের সুবিধার কথা চিন্তা করেই কুতুবদিয়ায় পণ্য খালাসের জন্য জাহাজটি নিয়ে যাওয়া হয়েছে। তা ছাড়া পায়রা বন্দরে পণ্য নিয়ে আরও জাহাজ আসার অপেক্ষায় রয়েছে। এ রকম করেই বন্দরটি একসময় সচল হবে।