পিএইচপির কাচ কারখানার উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির কাচ কারখানার উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হচ্ছে। জাপানের কারিগরি সহায়তায় বর্তমানে দিনে ১৫০ টন থেকে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ৩০০ টনে উন্নীত করবে প্রতিষ্ঠানটি। এতে বাড়তি কর্মসংস্থান হবে অন্তত ৭০০ লোকের।
আগ্রাবাদে গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির মূল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিএইচপি ফ্যামিলির পরিচালক মো. আমির হোসেন। এ সময় পরিচালক মো. আলী হোসেন ও মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় ১২ বছর আগে পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা স্থাপন করা হয়। দেশে প্রথম ফ্লোট প্রযুক্তির কাচ উৎপাদন শুরু হয় এই কারখানায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে প্রতিবছর ৯ শতাংশ হারে বাড়ছে কাচের চাহিদা। দেশের চাহিদা মেটাতে বিদেশ থেকেও প্রতি মাসে ৫ থেকে ৭ হাজার টন কাচ আমদানি হয়। এতে বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। দেশের চাহিদা মেটানো এবং রপ্তানির লক্ষ্যে পিএইচপি কারখানার সক্ষমতা বাড়ানোর কাজে হাত দিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কাচ তৈরির জন্য ব্যবহৃত হওয়া বালু ও গ্যাস দেশে সহজলভ্য। মাত্র ২০ শতাংশ উপকরণ আমদানি করতে হয়। তাই মূল্য সংযোজনও হয় বেশি।
দেশীয় কাচশিল্পকে সুরক্ষা ও কাচ আমদানিতে নিরুৎসাহিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমির হোসেন বলেন, ভারতের সাত রাজ্য, নেপাল ও ভুটানে কাচের বিশাল বাজার রয়েছে। সরকারি সহায়তা পেলে এসব অঞ্চলে কাচ রপ্তানির বড় সুযোগ আছে। এ জন্য নীতিসহায়তা দরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয় মধ্য মেয়াদে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে আরও ৬০০ মেট্রিক টন। এ ছাড়া ফেনীতে ৬০০ টন উৎপাদন ক্ষমতার একটি কাচ কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে।
প্রশ্নের উত্তরে আমির হোসেন বলেন, পিএইচপি ফিলিপাইন, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং ভারতের বিভিন্ন প্রদেশে কাচ রপ্তানি করেছে। তবে এখন দেশীয় চাহিদা বাড়ায় উৎপাদিত কাচের পুরোটাই দেশে সরবরাহ হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আশা করা হচ্ছে, ইউরোপ, আমেরিকা ও জাপানে ব্যবহৃত উন্নত প্রযুক্তির লো-ই কাচ ও ডিজাইন কাচ উৎপাদনে সক্ষমতা অর্জন করতে যাচ্ছে পিএইচপি। লো-ই কাচ তাপ নিরোধক, অতিরিক্ত স্বচ্ছ ও বিদ্যুৎসাশ্রয়ী।