খালেদা জিয়ার ব্যাংক হিসাব খুলে দেওয়ার বিষয়ে এনবিআর এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি
পিএসআই ব্যবস্থা থাকছে আরও ছয় মাস: মুহিত
আগামী ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন প্রাক্-জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) ব্যবস্থা বহাল থাকছে। এরপর স্থায়ীভাবে পিএসআই ব্যবস্থা উঠিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। এনবিআরের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন, সদস্য ফরিদউদ্দিন, এম কাদের সরকার, বশিরউদ্দিন আহমেদ প্রমুখ। অর্থমন্ত্রী আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে পণ্য পরিদর্শনের জন্য অভ্যন্তরীণ ব্যবস্থা তৈরি করা হবে। এর মধ্যে রাজস্ব কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো হবে। তবে তিনি মত দেন, কিছু পণ্যে মেয়াদ শেষ হওয়ার পরও পিএসআই ব্যবস্থা রাখতে হবে। কেননা, সব পণ্য পরিদর্শন করার মতো শুল্ক কর্মকর্তাদের দক্ষতা নেই। বিশ্বের অনেক দেশেই এমন ব্যবস্থা রয়েছে। তিনি জানান, পাকিস্তান আমলেও পিএসআই ব্যবস্থা ছিল। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে এনবিআর এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সার্বভৌম বন্ড চালুর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা বাজেটেই ঘোষণা দেওয়া হয়েছে। এর সঙ্গে পদ্মা সেতু নির্মাণের অর্থায়নের বিষয়টি সম্পৃক্ত নয়। এ ছাড়া পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। রাজস্ব আদায় গতিশীল করতে এনবিআরের কার্যক্রম আরও শক্তিশালী করার পরামর্শ দেন অর্থমন্ত্রী। রাজস্ব আদায়ে যেসব সমস্যা রয়েছে, তা আলোচনা করে সমাধানের মত দেন তিনি। এদিকে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, ‘ছয় মাস পর স্থায়ীভাবে পিএসআই প্রথা বন্ধ হয়ে যাবে। এর আগে বিভিন্ন বন্দর ও শুল্কস্টেশনকে এসাইকুডা ব্যবস্থার সংযোগ দেওয়া হবে। আশা করি, আগামী জুলাই মাসের মধ্যে এই সংযোগ দেওয়ার কাজ শেষ হবে।’ প্রসঙ্গত, এসাইকুডা হলো কম্পিউটারভিত্তিক একটি তথ্যসম্ভার, যা ব্যবহার করে সহজেই পণ্যের শুল্কায়ন করা যায়।এনবিআরের চেয়ারম্যান আরও জানান, আগামী ছয় মাস শুধু ২৫ শতাংশ শুল্ক রয়েছে—এমন পণ্যে পিএসআই ব্যবস্থা চালু থাকবে। পিএসআইয়ের ইতিহাস: ২০০০ সালের ১৫ ফেব্রুয়ারি দেশে প্রথমবারের মতো পিএসআই প্রথা চালু করা হয়। সে সময় ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস (আইটিএস) লিমিটেড, ব্যুরো ভেরিটাস ও ইন্সকট্রোরেট গ্রিফিথ—এই তিনটি পিএসআই কোম্পানিকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল সরকার। পরে পুনরায় ২০০৫ সালের আগস্ট মাসে ব্যুরো ভেরিটাস, কোটেকনা, ইন্টারটেক ও এসজিএস—এই চারটি কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে কোটেকনার লাইসেন্স বাতিল করা হয়। গত ১১ বছরে মাত্র দুবার (২০০০ ও ২০০৫ সাল) দরপত্র আহ্বান করে পিএসআই কোম্পানিকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। বাকি সাত বছর নির্বাহী আদেশে এক বছর করে মেয়াদ বাড়ানো হয়েছে।বর্তমানে পণ্যের আমদানি মূল্য ১০০ টাকা হলে পিএসআই ফি বাবদ ৪৮ পয়সা দিতে হয় পিএসআই কোম্পানিগুলোকে। তবে তা সরাসরি আমদানিকারকেরা নয়, সরকার দেয়। পিএসআই করার জন্য ১ শতাংশ হারে যে সেবামাশুল নেওয়া হয়, সেখান থেকে ৪৮ পয়সা দেওয়া হয়।