পিকেএসএফের ২৩ বছর পূর্তিতে হবে উন্নয়ন মেলা
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এ বছর ২৩ বছরে পা দিয়েছে। এ উপলক্ষে একটি উন্নয়ন মেলার আয়োজন করেছে সংগঠনটি। আজ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা অনুষ্ঠিত হবে।
চার দিনের এ মেলায় পিকেএসএফের উপকারভোগীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠিত হবে বিষয়ভিত্তিক একাধিক সেমিনার।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম প্রমুখ বক্তব্য দেন।
পিকেএসএফ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও জানানো হয়, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৯০ সালে সরকার পিকেএসএফ প্রতিষ্ঠা করে। সংস্থাটির অর্থ সহায়তায় পরিচালিত বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের সংখ্যা এখন ৯০ লাখ।