পিকেএসএফের 'সমৃদ্ধি' কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করছে। আর ওই সময়ে একই সঙ্গে দেশকে মধ্যম জীবনমানের দেশে পরিণত করতে কাজ করছে পল্লি কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
এ লক্ষ্যে পিকেএসএফের ‘সমৃদ্ধি’ কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। এই কর্মসূচির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের ভিক্ষুক থেকে শুরু করে দরিদ্র পরিবারগুলোকে যেমন ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে, তেমনি ইউনিয়নপর্যায়ে নির্মাণ করা হচ্ছে সাঁকো, ছোট কালভার্ট, স্বাস্থ্যসম্মত শৌচাগার, নলকূপ। আবার দরিদ্র মানুষের সন্তানদের শিক্ষাদানও হচ্ছে। এতে দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে।
‘উন্নয়নের একটি নতুন পদ্ধতি সমৃদ্ধি’ শীর্ষক এই কর্মসূচি নিয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়। পিকেএসএফের ২৫ বছর পূর্তির সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অংশ ছিল এ সেমিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি ক্ষুদ্রঋণ নিয়ে নানা বক্তব্য দেন। তবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের বক্তব্যের মাঝখানেই হঠাৎ তিনি বক্তব্য দিতে শুরু করেন। বলেন, ‘ক্ষুদ্রঋণ কখনোই দারিদ্র্য বিমোচনের একমাত্র পথ নয়। এর সঙ্গে জীবনমান উন্নয়নসংক্রান্ত আরও কিছু বিষয় জড়িত।’
এর আগমুহূর্তে খলীকুজ্জমান আহমদ বলছিলেন, মাইক্রোক্রেডিট সামিট ক্যাম্পেইন ১৯৯০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষুদ্রঋণ গ্রহীতাদের নিয়ে একটি জরিপ চালিয়েছে। তাতে দেখা গেছে, এই সময়ে ক্ষুদ্রঋণ নেওয়া দরিদ্র মানুষের মধ্যে মাত্র ৯ দশমিক ৪ শতাংশ দারিদ্র্যসীমা থেকে বেরোতে পেরেছে।
সমৃদ্ধি কর্মসূচি: এ কর্মসূচিটি বিস্তারিতভাবে তুলে ধরেন পিকেএসএফের মহাব্যবস্থাপক মশিউর রহমান। তিনি বলেন, ২০১০ সালে দেশের ৪৩টি ইউনিয়নের দুই লাখ ৪৭ হাজার ৩২২টি খানা নিয়ে এই কর্মসূচি শুরু হয়। বর্তমানে ৬০ জেলার ১৩০টি ইউনিয়নে এটি বাস্তবায়িত হচ্ছে।
মশিউর রহমান বলেন, প্রথাগত ক্ষুদ্রঋণ কার্যক্রমের দিন শেষ। এখন পরবর্তী পর্যায়ের (সেকেন্ড জেনারেশন) ক্ষুদ্রঋণের সময় এসেছে। সে কারণে কর্মসূচির আওতায় ব্যক্তিকে লক্ষ্য না করে পরিবারভিত্তিক ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে, যেন পুরো পরিবারেরই জীবনমানের উন্নয়ন হয়। প্রত্যেক ব্যক্তিকে ধরে ধরে ঋণ দেওয়া হচ্ছে। এমনকি মশারি কিংবা লেপ কেনা, ঢাকার চাকরি খুঁজতে যাওয়ার খরচ কিংবা মেয়ের বিয়ের জন্যও ঋণ দেওয়া হচ্ছে। ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, সুদের হার ২০ শতাংশের নিচে থাকে।
অনুষ্ঠানে জানানো হয়, কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ হয়। প্রতি ৫০০ খানার জন্য একজন করে স্বাস্থ্য সহকারী রয়েছে। তাঁরা নিয়মিত ওঠান বৈঠক করে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন। এ পর্যন্ত স্বাস্থ্যসেবা পেয়েছেন ৩৮ লাখ মানুষ। আবার কর্মসূচির আওতায় ১১টা ইউনিয়নে শতভাগ পয়োনিষ্কাষণব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
ব্যানবেইজের তথ্য অনুযায়ী, দেশে প্রাথমিক শিক্ষাপর্যায়ে ঝরে পড়ার হার ১১ শতাংশ। কিন্তু কর্মসূচির আওতাধীন ইউনিয়নগুলোতে এ হার দশমিক ৫ শতাংশ। কারণ এসব স্থানের বিদ্যালয়গুলোতে ভিন্ন ধরনের শিক্ষাদান চালু করা হয়েছে। এতে আগামীকালের পড়া আগের দিন বিকেলেই শিক্ষার্থীদের শেষ করিয়ে দেওয়া হয়। এটা শিক্ষার্থীদের ভীতি দূর করে।
২০১৩ সালে ভিক্ষুকদেরও ঋণ দেওয়া শুরু হয়েছে। ঋণ সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত।
আলোচনা: অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই শুধুই ঋণ দিত। ঋণগ্রহীতাকে কোনো পরামর্শ দিত না। তবে কেউ পরামর্শ চাইতে এলে দিত। কিন্তু ব্র্যাক কাজ শুরু করে পুরোই উল্টোভাবে। প্রতিষ্ঠানটি ঋণ দিত, সঙ্গে বলে দিত ঋণগ্রহীতারা কী কাজে এই অর্থ ব্যয় করতে পারে, সেজন্য তারা প্রশিক্ষণও দিত।
অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীও বক্তব্য দেন।