পিছিয়ে গেল বাণিজ্য মেলা

অবরোধ ও নির্বাচন সামনে রেখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৪-এর উদ্বোধন ১০ দিন পিছিয়ে গেল। ফলে ১ জানুয়ারির পরিবর্তে ১১ জানুয়ারি শুরু হবে মাসব্যাপী এই মেলা।
সূত্র জানায়, কয়েকটি কারণে বাণিজ্য মেলা পেছানো হয়েছে। টানা অবরোধের জন্য স্টলসহ আনুষঙ্গিক প্রস্তুতি এখনো শেষ হয়নি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে মেলা শুরু হলে সাড়া পাওয়া যাবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। তা ছাড়া আগামী ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এসব কারণে মেলা পেছানোর দাবি জানান ব্যবসায়ীরা।
বিষয়টি নিশ্চিত করে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলা পিছিয়ে দেওয়া হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব এ এফ এম মনজুর কাদির রাত পৌনে সাতটার দিকে এই প্রতিবেদককে বলেন, ‘মেলা পেছানোর বিষয় লিখিতভাবে বা আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আমরা এখনো পাইনি। তবে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা মন্ত্রণালয়কে লিখিত প্রস্তাব দিয়েছিলাম।’ আর ১১ জানুয়ারি শুরু হলেও মেলা এক মাসই হবে বলে নিশ্চিত করেন ইপিবির এই কর্মকর্তা।
এদিকে গতকাল দুপুরে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিশাল জায়গাজুড়ে ইট বিছানো সড়কের কাজ এখনো শুরু হয়নি। বাইরের সড়কের কাজও প্রাথমিক পর্যায়ে। সাধারণ স্টলের অবকাঠামো নির্মাণ করা হলেও সাজসজ্জা শুরু করেননি ব্যবসায়ীরা। তবে প্রিমিয়ার প্যাভিলিয়নসহ অন্যান্য প্যাভিলিয়নের নির্মাণ পুরোদমে চলছে। অবশ্য অনেক প্রতিষ্ঠানই এখন পর্যন্ত অর্ধেক কাজও শেষ করতে পারেনি।
স্টল ও অবকাঠামো নির্মাণে ধীরগতির কারণ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানা অবরোধে সময়মতো নির্মাণসামগ্রী আনা যায়নি। অনেক ক্ষেত্রেই রাতে অল্প অল্প করে আনতে হয়েছে।
এবারের বাণিজ্য মেলায় প্রাণ-আরএফএল চারটি প্রিমিয়ার প্যাভিলিয়ন ও দুটি প্রিমিয়ার স্টল নিয়ে অংশ নিচ্ছে। এসব প্যাভিলিয়ন ও স্টলের অবকাঠামো দাঁড়িয়ে গেলেও অনেক কাজ বাকি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (ইভেন্ট) এ কে এম ইকবাল জানান, এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৬৫ শতাংশ। তবে নির্ধারিত সময়ের আগেই সব সম্পন্ন হয়ে যাবে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া দেখা গেল, ওয়ালটনের আড়াই তলাবিশিষ্ট প্যাভিলিয়নের নির্মাণকাজ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বললেন, গাজীপুর থেকে পুলিশি পাহারায় নির্মাণসামগ্রী আনতে হয়েছে। তাই ১ ডিসেম্বর শুরু করেও এখন পর্যন্ত ৮০ শতাংশ কাজ করা গেছে।
এসব বিষয়ে জানতে চাইলে ইপিবির সচিব বলেন, ‘সব কাজই ১ জানুয়ারির আগে শেষ হয়ে যাবে।’ রাস্তার কাজ দেরিতে শুরু করার কারণ হিসেবে তিনি বলেন, স্টল নির্মাণের জন্য ট্রাক চলাচল করছে। তাই রাস্তার কাজ ২৫-২৬ ডিসেম্বর থেকে শুরু হবে।
রাজধানীর শেরেবাংলা নগরে ইপিবি এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে মাসব্যাপী ১৯তম এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করছে। এবারের মেলায় সব মিলিয়ে ৪৮৪টি স্টল থাকবে। এর মধ্যে ৯২টি সাধারণ, প্রিমিয়ার ও বিদেশি প্যাভিলিয়ন, ৪৯টি মিনি প্যাভিলিয়ন, ৩২৯টি স্টল এবং ১০টি রেঁস্তোরা। এবারও বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নের পাশাপাশি সুন্দরবন ইকোপার্কসহ সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের স্টল থাকবে। মেলায় প্রবেশের ফটকটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে মেলা কতটুকু সফল হবে, এমন প্রশ্নের জবাবে মেলার সদস্যসচিব বিকর্ণ কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, কোনো সমস্যা হবে না।’