পিছু হটছে বিজিএমইএ!
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর বায়োমেট্রিক শ্রমিক-কর্মচারী তথ্যভান্ডারে গত তিন বছরে যুক্ত হয়েছিল ৬০৩টি কারখানা। অথচ সেবা বন্ধ করে দেওয়ার পর গত দুই দিনে ২৬৭টি কারখানা তথ্যভান্ডারে যুক্ত হয়েছে। তবে তথ্যভান্ডারে যুক্ত না হওয়া কারখানাগুলোকে সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে সদস্যদের তোপের মুখে পড়েছে বিজিএমইএ।
জানা যায়, বিজিএমইএ বারবার তাগাদা দেওয়ার পরও যেসব কারখানা তথ্যভান্ডারে যুক্ত হয়নি, তাদের গত রোববার থেকে সেবা প্রদান বন্ধ করে দেওয়া হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী বিজিএমইএর পরিচালনা পর্ষদ গত শনিবার সিদ্ধান্তটি নেয়। এরপর অনেক কারখানার প্রতিনিধি তথ্যভান্ডারে যুক্ত হতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন সংগঠনের কার্যালয়ে। সব মিলিয়ে গতকাল পর্যন্ত ৮৭০ কারখানা তথ্যভান্ডারে যুক্ত হয়েছে। ঢাকা–চট্টগ্রাম মিলে বিজিএমইএর সদস্য সংখ্যা ৪ হাজার ২৯৬।
এদিকে সেবা বন্ধের কারণে অনেক সদস্যের সমালোচনার মুখে পড়েছেন বিজিএমইএর শীর্ষস্থানীয় নেতারা। এ জন্য কাল বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে। এতে সেবা বন্ধের ওই সিদ্ধান্তটি শিথিল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংগঠনের একাধিক নেতা।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির গত রাতে প্রথম আলোকে বলেন, ‘সেবা বন্ধের সিদ্ধান্তের পর তথ্যভান্ডারে যুক্ত হওয়ার সংখ্যা বেড়েছে। অনেক কারখানা কর্তৃপক্ষ তথ্যভান্ডারে যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ দিয়ে ইউডি (ইউটিলাইজেশন ডিক্লারেশন) নিয়েছে। তবে অনেকেই আমাদের কাছে ফোন করে আরও কয়েক দিন সময় চেয়েছেন।’
তবে কি বিজিএমইএ পিছু হটছে—এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাছির বলেন, ‘সদস্যদের স্বার্থ নিয়েই বিজিএমইএ কাজ করে। তা ছাড়া পোশাক রপ্তানি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা আমাদের উচিত হবে না। সে জন্যই কিছুটা সময় বাড়ানো হতে পারে। তবে বৃহস্পতিবারের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক মাস সময় বাড়ানোর চিন্তাভাবনা আমাদের নেই।’
বিজিএমইএ গত শনিবার তথ্যভান্ডারে যুক্ত না হওয়া পোশাক কারখানাগুলোকে সেবা বন্ধের বিষয়টি জানায়। সংগঠনের তিনজন নেতা গতকাল মঙ্গলবার জানান, চট্টগ্রামের সদস্য কারখানার জন্য ৩০ মে পর্যন্ত সময় আগেই দেওয়া হয়েছে। কারণ, সেখানে তথ্যভান্ডারের কাজ শুরু হয়েছে মাত্র চার-পাঁচ মাস আগে।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান অবশ্য সেবা বন্ধের সিদ্ধান্ত শিথিল করার বিষয়টি পরিষ্কার করে বলেননি। জানতে চাইলে গত রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘সেবা বন্ধের পর পরিস্থিতি কেমন হয়েছে, সেটি পর্যবেক্ষণের জন্যই বৈঠক ডাকা হয়েছে।’ সময় বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনই কিছু বলা যাচ্ছে না। বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বিজিএমইএর সভাপতি জানান, শ্রমিক কল্যাণ তহবিলের পরিচালনা বোর্ডের প্রথম বৈঠক আগামী রোববার হবে। সেখানে তহবিলের অর্থ সংগ্রহ ও তা ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তাই তথ্যভান্ডারের কাজ দ্রুত শেষ করতে হবে। কারণ, সেই তহবিলে প্রতিটি রপ্তানি আদেশের বিপরীতে শূন্য দশমিক ০৩ শতাংশ অর্থ কেটে রাখা হবে। এখান থেকেই শ্রমিকদের বিমার টাকা ও বিভিন্ন অর্থ সহায়তা দেওয়া হবে।
বিজিএমইএর বায়োমেট্রিক ডেটাবেইস বা তথ্যভান্ডারে পোশাকশ্রমিকের বিভিন্ন তথ্য যেমন ছবি, আঙুলের ছাপ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, রক্তের গ্রুপ, জাতীয় পরিচয়পত্রের নম্বর, বেতন-ভাতা, কাজের ধরন, দক্ষতা ইত্যাদি সংরক্ষণ করা হয়। আর শ্রমিকের সংখ্যাভেদে তথ্যভান্ডারে যুক্ত হতে প্রতিটি কারখানার খরচ পড়ে ৭৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত।