পিপিপি নিয়ে বাজেটে ভুল তথ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) নিয়ে জাতির সামনে এবারও ভুল তথ্য দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগের বারের বাজেট বক্তব্যেও একই কাজ করেছিলেন তিনি।
২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তব্যে গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী জানালেন, ৩৪টি পিপিপি প্রকল্পের মধ্যে ৩৩টিতেই পরামর্শক নিযুক্ত হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, অর্থমন্ত্রীর এ তথ্যটি ঠিক নয়। পরামর্শক নিযুক্ত হয়েছে মাত্র ১৫টি প্রকল্পে। ১৯টি প্রকল্পে বৃহস্পতিবার পর্যন্ত কোনো পরামর্শক নিয়োগ হয়নি।
অবশ্য পিপিপি কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে এ ব্যাপারে তাঁরা কোনো কথা বলতে চাননি। পিপিপি কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এবং পিপিপি ইউনিট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন।
পিপিপি কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি একই কার্যালয়ের উপব্যবস্থাপক উত্তমকুমার কর্মকারকে প্রথম আলোর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। উত্তমকুমার বৃহস্পতিবার টেলিফোনে বলেন, ‘দরপত্র আহ্বানসহ যেসব প্রকল্পে অন্তত সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে, সেগুলোতেই পরামর্শক নিয়োগ হয়েছে, অন্যগুলোতে নয়।’
পিপিপি কার্যালয় ও পিপিপি ইউনিট—উভয় সূত্রেই জানা গেছে, এ ধরনের প্রকল্প ১৫টির বেশি নয়।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘পিপিপির মাধ্যমে বাস্তবায়নের জন্য ছয়টি খাতে ৩৪টি প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে; যার মধ্যে ৩৩টি প্রকল্পে পরামর্শক নিযুক্ত হয়েছেন। এই পদক্ষেপই প্রকল্প বাস্তবায়নের প্রথম ধাপ।’
অবকাঠামো উন্নয়নে পিপিপি নিয়ে আগের পাঁচ বছরের বাজেট বক্তব্যে অনেক আশাবাদের কথা শুনিয়েও সাফল্যের সিঁড়ি দেখাতে পারেননি অর্থমন্ত্রী। এবার তাই আশাবাদের সুরটাও নরম এবং খানিকটা সরে এসে কৌশল করেন তিনি। বাজেট বক্তব্যে তিনি বলেন, ‘অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণের জন্য পিপিপি প্রকল্প বাস্তবায়নকে উৎসাহিত করব।’
এদিকে পাঁচ বছরে পিপিপি আইনও প্রণয়ন করতে পারেনি সরকার। অর্থমন্ত্রী যদিও গতকাল বলেছেন, ‘আমি আশা করছি যে পিপিপি-বিষয়ক আইন অবিলম্বে সংসদে উপস্থাপন করব।’
আবার ২০০৯-১০ অর্থবছরে দুই হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখার পর থেকে প্রতিবছরই পিপিপির জন্য তিন হাজার কোটি টাকা করে রাখা হচ্ছিল। কিন্তু অর্থ খরচ হচ্ছিল না। গতবার থেকে বরাদ্দের ব্যাপারেও কৌশল অবলম্বন করছেন অর্থমন্ত্রী। অর্থাৎ বাজেট বক্তব্যে আলাদা করে বরাদ্দের কথা উল্লেখ করছেন না।
অর্থমন্ত্রী গতকালের বক্তব্যে পিপিপি, বিভিন্ন শিল্পে আর্থিক সহায়তা, ভর্তুকি এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগজনিত ব্যয় বাবদ সামগ্রিক ব্যয়-কাঠামোর ৩ দশমিক ৩৪ শতাংশ বরাদ্দের প্রস্তাব করেছেন। চলতি অর্থবছরের জন্য তা ছিল ৩ দশমিক ২৯ শতাংশ।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্পষ্ট করে উল্লেখ না থাকলেও পিপিপির জন্য ২০১৪-১৫ অর্থবছরেও তিন হাজার কোটি টাকাই রাখা হচ্ছে। তিন হাজার কোটি টাকা একটি রেওয়াজ হয়ে গেছে। বাণিজ্যিকভাবে আপাতত অলাভজনক হলেও উন্নয়ন ও জনসেবার জন্য গুরুত্বপূর্ণ—এমন পিপিপি প্রকল্পে এ অর্থ খরচ করা হবে। এ জন্য ভায়াবিলিটি গ্যাপ ফাইন্যান্সিং (ভিজিএফ) নামের একটি তহবিল রয়েছে।
অর্থমন্ত্রী ছয়টি খাতের ৩৪টি পিপিপি প্রকল্পে এক হাজার ১১৩ কোটি ৮০ লাখ ডলারের (এক ডলার ৭৯ টাকা হিসাবে ৮৭ হাজার ৯৯০ কোটি ২০ লাখ টাকা) সম্ভাব্য ব্যয়ের চিত্রও তুলে ধরেছেন। এর মধ্যে পরিবহন খাতেরই রয়েছে ১৭টি প্রকল্প।
গতবারের বাজেট বক্তব্যেও অর্থমন্ত্রী ৩০টি পিপিপি প্রকল্প নির্ধারণ, ১৭টি তালিকাভুক্ত, ১৪টিতে উপদেষ্টা নিয়োগ ও ছয়টির কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন। এ তথ্যও ভুল ছিল। প্রকৃতপক্ষে দুটি প্রকল্পের দরপত্র আহ্বান এবং চার প্রকল্পের উপদেষ্টা নিয়োগ ছাড়া কিছুই ছিল না তখন। এ নিয়ে বাজেট উপস্থাপনের পরদিন গত বছরের ৭ জুন প্রতিবেদন প্রকাশ করেছিল প্রথম আলো।
পিপিপি হচ্ছে দীর্ঘমেয়ািদ অংশীদারি ব্যবস্থা, যেখানে জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত বিনিয়োগ করে। এতে সরকারের সঙ্গে বেসরকারি খাতের চুক্তি হয়। নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর (বিওওটি); নির্মাণ, পরিচালনা ও হস্তান্তর (বিওটি) এবং নির্মাণ, মালিকানা ও পরিচালনা (বিওও)—এই তিনটি পিপিপি পদ্ধতি বেশি প্রচলিত।