পিপিপি বাস্তবায়ন নিয়ে এখনো আশাবাদী অর্থমন্ত্রী

সরকারি বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মাধ্যমে একক প্রকল্প বাস্তবায়নের চেয়ে এখন খাতভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের দিকে যাবে সরকার। এ ব্যাপারে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও সহায়তা করবে।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালকের কার্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রথম আলোকে এ কথা বলেন।
তার আগে গত রোববারই সম্মেলনে ‘বাংলাদেশের উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ গতি: পিপিপি অভিজ্ঞতা’ শীর্ষক অধিবেশনে যোগ দেন অর্থমন্ত্রী। এতে প্রবন্ধ উপস্থাপন করেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আফসর এইচ উদ্দিন।
অর্থমন্ত্রী বলেন, কয়েক বছরে পিপিপির যাবতীয় আইনকানুন হয়ে গেছে। পিপিপি নিয়ে কিছুই হয়নি বলে গণমাধ্যম যা-ই বলুক না কেন, সরকার ঠিকই এগোচ্ছে। অবকাঠামো উন্নয়নে পিপিপি লাগবে এবং বেসরকারি খাতও আকৃষ্ট হবে। শুধু সময়ের ব্যাপার।
একই কার্যালয়ে আগের দিন রোববার পিপিপি কর্তৃপক্ষের সিইও প্রথম আলোকে বলেছিলেন, ‘আমরা এখন একক প্রকল্পের পরিবর্তে কর্মসূচির পথে যাচ্ছি। উন্নয়ন-সহযোগী সংস্থাগুলো আমাদের সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।’
প্রবন্ধে প্রতিবছর বাংলাদেশের অবকাঠামো খাতে ৩৫০ কোটি থেকে ১ হাজার ২০০ কোটি ডলার অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বলা হয়, পিপিপির সাফল্যের জন্য গতানুগতিকতার বদলে নতুন করে এগোতে হবে বাংলাদেশকে। আর এ জন্য সবার আগে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে। তারপর চিন্তা করতে হবে অর্থ কোথা থেকে আসবে।
পিপিপির মাধ্যমে বাস্তবায়নযোগ্য ৪৭টি প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কথাও তুলে ধরা হয় প্রবন্ধে। এগুলোর কোনোটির দরপত্র আহ্বান হয়েছে, কোনোটির কাজ শুরুর পর্যায়ে, তবে বেশির ভাগই চিহ্নিত হয়ে আছে। কাজ কিছুই এগোয়নি।
প্রবন্ধের বক্তব্যের উদাহরণ টেনে সৈয়দ আফসর বলেন, বাংলাদেশের পিপিপি প্রকল্প বাস্তবায়নে উদ্যোক্তার দিক থেকে তিনটি বিষয় অগ্রাধিকার পেতে পারে। প্রথমত, পিপিপি প্রকল্প হবে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগের মাধ্যমে, দ্বিতীয়ত, সরকারি-বেসরকারি মিলিয়ে (ব্লেন্ডেড) এবং তৃতীয়ত সরকারি উদ্যোগে। সবগুলোর ক্ষেত্রেই সরকার থাকবে সহায়ক শক্তি।
সৈয়দ আফসর বলেন, বিশ্বব্যাংক গ্রুপের পিপিপি-বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লরেন্স কার্টার পিপিপি নিয়ে বাংলাদেশের নতুন চিন্তার পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। তারই অংশ হিসেবে গত শনিবার বিশ্বব্যাংকের সঙ্গে পিপিপি কর্তৃপক্ষের একটি সমঝোতা স্মারক (এমওইও) সই হয়েছে বলে জানান তিনি।
একক প্রকল্পের পরিবর্তে কর্মসূচিতে অগ্রাধিকারের বিষয়ে পিপিপি কর্তৃপক্ষের সিইও সৈয়দ আফসর এইচ উদ্দিন প্রথম আলোকে বলেন, যেমন: যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা আলাদা আলাদা খাত। একটা খাত মানে একটা ছাতা। একটা ছাতার নিচে অনেক প্রকল্প থাকবে এবং দীর্ঘ মেয়াদে প্রকল্প বাছাই করে সঠিক বিনিয়োগ পরিকল্পনা হাতে নিতে হবে।
২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রথম বাজেটেই অর্থমন্ত্রী পিপিপির মাধ্যমে অবকাঠামো উন্নয়নে ২ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন। এরপর প্রায় প্রতিবছর বাজেটে একই পরিমাণ টাকা রাখা হয়, কিন্তু খরচ হয় না। কয়েক বছর ধরেই পিপিপির মাধ্যমে বাস্তবায়নের জন্য একই তালিকা ঝুলছে, দু-একটা ছাড়া যেগুলো বাস্তব রূপ দেখছে না। এ রকম এক পরিস্থিতিতে পিপিপির মাধ্যমে এবার খাতভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হলো ওয়াশিংটনে।