পিপিপিকে ব্যবসা-সহায়ক করার তাগিদ
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর স্বার্থে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কাঠামোকে আরও ব্যবসা-সহায়ক করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতা ও বিশেষজ্ঞরা। গতকাল মঙ্গলবার ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণে সরকারি-বেসরকারি উদ্যোগের প্রয়োজনীয়তা’ শীর্ষক জাতীয় কর্মশালার কর্ম অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর স্থানীয় একটি হোটেলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় সাবেক মুখ্য সচিব এম এ করিম সেশন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম কর্ম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বলে ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এম এ করিম বেসরকারি খাতের উন্নয়নের জন্য প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের ওপর জোর দেন।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, ডিসিসিআই, এমসিসিআই ও এসএমই ফাউন্ডেশন যৌথভাবে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) নামের একটি প্রকল্প গ্রহণ করেছে। যেখানে প্রাথমিক পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ, আর্থিক কর্মকাণ্ড, এসএমই উন্নয়ন এবং কর ও অন্যান্য বিষয়ে চারটি ওয়ার্কিং গ্রুপ থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মর্তুজা রেজা চৌধুরী বলেন, রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির কার্যালয়কে অটোমেশন করা হয়েছে এবং ইপিবিকে অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে। পরিকল্পনা কমিশনের জিইডির প্রধান ফখরুল আহসান বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেসরকারি খাতকে এগিয়ে আসার সুযোগ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, সরকার পিপিপি কাঠামোকে আরও ব্যবসা-সহায়ক করতে আগ্রহী এবং পিপিপি অফিসের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হবে।এমসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি নিহাদ কবির পিপিপির উপদেষ্টা কমিটিতে বেসরকারি খাত থেকে আরও বেশি প্রতিনিধি অন্তর্ভুক্তির আহ্বান জানান।