পিপিপিতে নির্মাণ হবে গেস্টহাউস শপিং মল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতি অর্থবছরেই সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় অর্থ বরাদ্দ রাখা হয়। এমনকি বিগত দুই এডিপিতে পিপিপির প্রকল্পও অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু কোনো প্রকল্পই বাস্তবায়ন করা হয়নি। পিপিপি এখনো শুধু প্রতিশ্রুতি। 

সরকারের শেষ বছরে অর্থাৎ আগামী নতুন এডিপিতেও ৪৪টি প্রকল্প পিপিপিতে বাস্তবায়নের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণত বড় অবকাঠামো প্রকল্পই পিপিপিতে  থাকার কথা। কিন্তু আগামী এডিপিতে পিপিপির আওতায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুমিল্লা, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে গেস্টহাউস ও শপিং মল নির্মাণের জন্য আটটি আলাদা প্রকল্প রাখা হয়েছে। এ ছাড়া রেলওয়ের জমিতে ঢাকা ও চট্টগ্রামে পাঁচ তারা হোটেল ও শপিং মল নির্মাণে দুটি প্রকল্প নেওয়া হয়েছে।

আবার বঙ্গবন্ধু সেতু এলাকার সৌন্দর্যবর্ধনের জন্য প্রকল্পও পিপিপির আওতায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাটুরিয়া-গোয়ালন্দ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, পটুয়াখালীর কলারোয়ায় দেশের তৃতীয় সমুদবন্দর নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের  প্রকল্প পিপিপির তালিকায় রয়েছে।  প্রসঙ্গত, পিপিপিতে ২০১১-১২ অর্থবছরে ১৬টি ও ২০১২-১৩ অর্থবছরে ২৬টি প্রকল্প ছিল।