পিপিপিতে বরাদ্দ তিন হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ অর্থবছরের বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) তহবিলে তিন হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জাতীয় বাজেটে দ্বিতীয়বারের মতো এ বরাদ্দ প্রস্তাব করা হয়।পিপিপির কার্যক্রমকে গতিশীল করতে ইতিমধ্যে বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিল (বিআইএফএফ) নামে যে তহবিল গঠন করা হয়েছে, তা বিশাল এক বিনিয়োগ তহবিলে পরিণত হবে বলে বাজেট বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক উন্নয়ন-সহযোগীদের অংশগ্রহণে গঠিত এই তহবিল ভৌত ও সামাজিক অবকাঠামো প্রকল্পের বিপুল অর্থায়নের চাহিদা মেটাবে। ব্যক্তি খাতের সম্পৃক্ততায় আগামী অর্থবছরে ব্যাপক গতি পাবে পিপিপি।তবে পিপিপির আওতায় ভৌত অবকাঠামো উন্নয়নে কালো টাকা বা অপ্রদর্শিত আয় ব্যবহারের ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেন, ভৌত অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বিআইএফএফের আওতায় বন্ড ইস্যু করা হবে। ওই বন্ডে ২০১২ সালের জুন পর্যন্ত ১০ শতাংশ হারে কর দিয়ে যাতে বিনিয়োগ করা যায়, সেই বিধান রাখা হবে।যোগাযোগ করলে বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত অর্থ বিভাগের কর্মকর্তারা অবশ্য জানান, চিন্তাটি করা হয়েছে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার দৃষ্টিকোণ থেকে। তবে অর্থমন্ত্রীর বক্তব্যে তা উঠে আসেনি।চলতি অর্থবছরের জন্য পিপিপির তহবিলে দুই হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও তা খরচ হয়নি। গতবার পিপিপির জন্য আলাদা একটি অবস্থানপত্র উপস্থাপন করে অর্থমন্ত্রী এর নাম দিয়েছিলেন ‘নব উদ্যোগ বিনিয়োগ প্রয়াস’। এই প্রয়াস কোনো কাজে আসেনি।গতকাল বৃহস্পতিবার বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী তা স্বীকার করে বলেছেন, ‘পিপিপির প্রকল্পে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি। নীতিমালা প্রণয়নের অভাবে এ খাতে তেমন কোনো বিনিয়োগ ঘটেনি।’তবে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বিদ্যুৎ খাতে ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ছয়টি ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র পিপিপির আওতায় বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষরের কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে মংলা ও চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং টার্মিনাল এবং ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হবে পিপিপির আওতায়। অর্থমন্ত্রী বলেন, পিপিপির জন্য সম্প্রতি নতুন একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। শিগগির মন্ত্রিসভায় তা অনুমোদন পাবে। এ ছাড়া পিপিপির একটি দপ্তর প্রতিষ্ঠা এবং সেই দপ্তর পরিচালনার জন্য বাজার থেকে দক্ষ ব্যক্তি খোঁজা হচ্ছে। পিপিপির নতুন নীতিমালার সহজ, স্বচ্ছ ও সমন্বিত রূপ সবাইকে আকৃষ্ট করবে বলে দাবি করেন অর্থমন্ত্রী।গতবার অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ২০১৩ সালের মধ্যে জাতীয় আয়ের প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করতে হলে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) তুলনায় বিনিয়োগ ব্যয় বর্তমানের ২৪-২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫-৪০ শতাংশে নিয়ে যেতে হবে। আগামী পাঁচ বছরে এ জন্য দরকার অতিরিক্ত এক লাখ ৯৬ হাজার কোটি টাকা। পিপিপির উদ্যোগে এই বিনিয়োগ ঘাটতি পূরণ করা হবে।জানা গেছে, পিপিপির উদ্যোগে বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলো তিন ভাগে বিভক্ত। এগুলো হচ্ছে: জনগুরুত্বপূর্ণ অতি বিশাল প্রকল্প, জনগুরুত্বপূর্ণ অন্যান্য প্রকল্প এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের প্রকল্প। এগুলো বাস্তবায়নে নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর (বিওওটি); নির্মাণ, পরিচালনা ও হস্তান্তর (বিওটি) এবং নির্মাণ, মালিকানা ও পরিচালনা (বিওও)—এই তিনটি পদ্ধতি রয়েছে।যোগাযোগ করলে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এক বছর হতাশার চিত্র দেখলাম। তবে অবকাঠামো উন্নয়নে পিপিপিকে ভালোভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। খেয়াল রাখতে হবে, নীতিমালা চূড়ান্ত করতে করতেই না সময় চলে যায়।’ এবার ব্যর্থ হলেও পিপিপির আওতায় প্রকল্প বাস্তবায়নে ভবিষ্যতে সাফল্য আসবে বলে আশা করছেন তিনি।