পিপিপির আওতায় চীনা বিনিয়োগের আহ্বান
বাংলাদেশ সরকারের গৃহীত সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পের আওতায় চীনের উদ্যোক্তাদের অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে দেশের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিসিআই)।একই সঙ্গে বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা গ্রহণের সুযোগ থাকায় এ দেশের উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে বিনিয়োগেরও প্রস্তাব করেছে ব্যবসায়ী সংগঠনটি।গতকাল রোববার ‘চীন আমদানি ও রপ্তানি মেলার ১০৯তম অধিবেশন’ শীর্ষক একটি সেমিনারে ডিসিসিসিআই এ আহ্বান জানায়। অনুষ্ঠানে চায়না ফরেন ট্রেড সেন্টার (সিএফটিসি) ও ডিসিসিআইর মধ্যে একটি ব্যবসা-বাণিজ্য উন্নয়নবিষয়ক চুক্তিও স্বাক্ষর করা হয়।রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে ডিসিসিআইর সভাপতি আসিফ ইব্রাহিম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি এবং ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝং জিয়ানি বিশেষ অতিথি ছিলেন। আরও বক্তব্য দেন ঢাকায় চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সিলর লিন উইকিয়াং ও সিএফটিসির উপমহাপরিচালক চেন চ্যারন। ধন্যবাদ জ্ঞাপন করেন ডিসিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নুরুল কবীর। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, পরীক্ষিত উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে আগ্রহী। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতি-সহায়তা দেওয়া হবে।