পিপিপির আওতায় টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় প্রকল্প হচ্ছে
গোপালগঞ্জ জেলার বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া প্রকল্পের সমঝোতা চুক্তি হয়েছে।তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএর ফ্যাশন ইনস্টিটিউট (বিআইএফটি) এ প্রকল্পের আওতায় টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ৬০০ বেকার যুবক ও যুব মহিলাকে তিন মাস প্রশিক্ষণের মাধ্যমে পোশাকশিল্পে কাজের ব্যবস্থা করবে।এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিজিএমইএর কার্যালয়ে সংগঠনটির সঙ্গে পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চুক্তি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সমঝোতা চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সভাপতিত্ব করেন।সাহারা খাতুন এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজিএমইএকে ধন্যবাদ জানান। শিল্পমালিকদের শিল্প পুলিশ তৈরির দাবির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ সরকার নিয়েছে।সালাম মুর্শেদী বলেন, সরকার ও বেসরকারি খাতের অংশীদারির (পিপিপি) মাধ্যমে দেশে উন্নয়নের যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে, বিজিএমইএর এই পদক্ষেপটি তার আওতায় মানবসম্পদ উন্নয়নের জন্য নেওয়া হয়েছে। এটিই পিপিপির প্রথম পদক্ষেপ বলে তিনি দাবি করেন।সালাম মুর্শেদী জানান, বিজিএমইএ ইতিমধ্যে দেশের ২৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত চর ও মঙ্গা এলাকার বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে পোশাকশিল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এ পর্যন্ত উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকার প্রায় ১১ হাজার যুবক ও যুব মহিলার তৈরি পোশাকশিল্পে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এ ছাড়া দুই হাজার আনসার-ভিডিপিকেও একইভাবে প্রশিক্ষিত করে চাকরি দেওয়া হয়েছে।অনুষ্ঠানে বিআরডিবির মহাপরিচালক হুমায়ুন খালিদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নোমান-উর-রশিদ, বিআইএফটির সভাপতি মোজাফফর উদ্দিন সিদ্দিকী এবং বিজিএমইএর সাবেক পরিচালক এস এম মান্নান বক্তব্য দেন।