পিপিপির পদ্ধতিগত প্রস্তুতি দুর্বল ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) পদ্ধতিগত প্রস্তুতিতে সরকার দুর্বল ছিল বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে ২০১৫-২০১৬ সালের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী তা স্বীকার করেন।

প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) বাস্তবায়নে গত ছয়টি বছরই আমি অনেক বক্তব্য রেখেছি। কিন্তু এই ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে তেমন উল্লেখযোগ্য উদাহরণ নেই। স্বীকার করতেই হবে যে, পদ্ধতিগত প্রস্তুতি আমাদের দুর্বল ছিল।’
তবে পিপিপি বিল আইনে রূপ নিলে এর প্রতিবন্ধকতা দূর হবে বলে জানান অর্থমন্ত্রী। পিপিপি’র আওতায় ইতিমধ্যে ৪২টি প্রকল্প নীতিগতভাবে অনুমোদিত হয়েছে জানিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিনিয়োগকৃত সম্পদ হতে প্রাপ্তি নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর সক্ষমতা বাড়াতে আমরা ইতিমধ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বিল ২০১৫ জাতীয় সংসদে উপস্থাপন করেছি। আশা করছি, এটি শিগগিরই আইনে রূপ নেবে। এর ফলে পিপিপি কার্যক্রমের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর হবে এবং বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহও বাড়বে। এসব উদ্যোগ ছাড়াও সুশাসন প্রতিষ্ঠায় নানা সংস্কার পিপিপি কার্যক্রমের ক্ষেত্রে গতিশীলতা আনবে বলে আমি মনে করি।’
অর্থমন্ত্রী আরও বলেন, নীতিগত অনুমোদিত প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অন্য দুটি প্রকল্পের চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হবে। অনুমোদিত ২৪টি প্রকল্পে পরামর্শক নিয়োগ করা হয়েছে।