পুঁজি জোগান দেওয়ার সামর্থ্য হারিয়ে ফেলেছি

করোনার সংক্রমণ ঠেকাতে আবারও নতুন করে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এবারের বিধিনিষেধে বন্ধ রয়েছে বেশির ভাগ শিল্পকারখানা। ১ জুলাই শুরু হয়েছে নতুন অর্থবছর। করোনায় আক্রান্ত প্রায় দেড় বছরে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতিই–বা কী? এসব নিয়ে কথা বলেছেন বিভিন্ন খাতের দেশের ছয়জন শিল্পোদ্যোক্তা। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ, শুভংকর কর্মকার, আরিফুর রহমান ও মাকসুদা আজীজ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিয়ম আক্তার

গত বছর করোনার সংক্রমণের শুরুতে আমার এলইডি বাল্ব বানানো ও বিক্রির ব্যবসাটা মাত্র ভালোর দিকে যাচ্ছিল। বিক্রি বাড়ছিল। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ব্যাংক থেকে ঋণও পাচ্ছিলাম। সেই ঋণের টাকায় ব্যবসা একটু একটু করে বড় করছিলাম। এর মধ্যে করোনার সংক্রমণ শুরু হয়ে যায়। সংক্রমণ ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। তাতে দোকানপাট সব বন্ধ হয়ে গেল। আমাদের পণ্যের ক্রেতাদের বড় অংশ মার্কেটের ব্যবসায়ী ও ফুটপাতের হকার। কিন্তু যখন দোকানপাট বন্ধ হয়ে গেল, তখন পণ্যের চাহিদা বলতে গেলে একদমই শূন্যের কোটায় নেমে এল। হিসাব করে দেখেছি, গত দেড় বছরের মধ্যে বিভিন্ন বিপণিবিতান ও দোকানপাট বন্ধ ছিল অন্তত পাঁচ মাস। আর তাতে গত দেড় বছরে ব্যবসা হারিয়েছি কমপক্ষে ৪০ শতাংশ।

করোনার শুরুতে ভেবেছিলাম, এ ধাক্কা হয়তো সাময়িক। কয়েক মাস গেলেই সব ঠিক হয়ে যাবে। তাই হাতে কমবেশি পুঁজি যা ছিল, তা দিয়ে পণ্য বানিয়ে গেছি। গত বছরের মে মাসে প্রথম যখন চলাচলে বিধিনিষেধ একটু একটু করে শিথিল করা হয়, তখন ব্যবসাও বেড়ে গিয়েছিল। কিন্তু এরপর যখন আবার দোকানপাট খোলার সময় সীমিত করে আনা হলো, তখন বুঝলাম, ব্যবসায় পুরোদমে ফেরা যাবে না। তা–ও টুকটাক করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলাম।

এমন পরিস্থিতিতে গত এপ্রিল থেকে নতুন করে যখন আবার কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়, তখন কয়েক দফা পণ্য বিক্রি বলতে গেলে শূন্যের কোটায় নেমে আসে। মধ্যে কিছুদিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। তাতে কয়েক দিনের বিক্রি দিয়ে কয়েক মাসের ক্ষতি পোষানো যায় না।

করোনার মধ্যে যখন দেখলাম ব্যবসা কমছে, তখন চেষ্টা করলাম ব্যবসার পরিচালন খরচ কমিয়ে আনার। তাই কিছু কর্মচারী কমিয়ে ফেললাম। কিন্তু পণ্য বিক্রি না হলেও দোকান–গুদামের ভাড়া দিতে হয়েছে। সেই খরচ কমানো গেল না। এর মধ্যে ব্যাংকঋণের কিস্তি দেওয়াটা ছিল সবচেয়ে চ্যালেঞ্জের। যেহেতু বিক্রি কমে যাওয়ায় ব্যবসা থেকে তেমন আয় আসছিল না, তাই কিস্তি পরিশোধে হাত দিতে হয় সঞ্চয়ে। সঞ্চয় ভাঙিয়ে ঋণের কিস্তি শোধ করে গেছি, যাতে খেলাপি না হয়ে পড়ি। ঋণ নিয়মিত রাখার চেষ্টা করেছি, যাতে পরে আবার ঋণ চাইলে ঋণ পাওয়া যায়।

সরকার করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসা–বাণিজ্যের ক্ষতি পোষাতে স্বল্প সুদে প্রণোদনা ঘোষণা করে। শুনেছি ব্যাংকের সঙ্গে যাঁদের ঋণ চলমান আছে এবং কিস্তি বকেয়া নেই, সেসব ব্যবসায়ীকে প্রণোদনার ঋণে অগ্রাধিকার দেওয়া হবে। এ কথা শুনে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম, কিন্তু প্রণোদনার ঋণ পেলাম না। এখন শুনছি নতুন করে আবার প্রণোদনার ঋণের দ্বিতীয় কিস্তির বিতরণ শুরু হচ্ছে। এবারও ঋণ পাব, এমন সম্ভাবনা দেখছি না। বরং ব্যবসা খারাপ বলে এখন ব্যাংক থেকে স্বাভাবিক ঋণ পেতেও সমস্যা হচ্ছে।

করোনায় ব্যবসার অনেক নতুন খরচের খাত তৈরি হয়েছে। তার একটি হচ্ছে পরিবহন খরচ। নারয়ণগঞ্জের বন্দরের মুসাপুর গ্রাম থেকে ঢাকার নবাবপুর পর্যন্ত পণ্য আনতে আগে যা খরচ হতো, এখন তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু সেই তুলনায় লাভের পরিমাণ বাড়েনি। তাই দেখা যায়, বিধিনিষেধের পর যখন পণ্য বিক্রি কিছুটা বাড়ে, তখন আসলে স্বাভাবিক সময়ের চেয়ে কম লাভে পণ্য বিক্রি করতে হয় আমাদের। একে তো বন্ধের কারণে ব্যবসা হচ্ছে না, আবার বিধিনিষেধ শিথিলের পর যেটুকু ব্যবসা হচ্ছে, তাতে লাভ নেই। তারপরও টিকে থাকতে ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে।

সামান্য যেটুকু সঞ্চয় ছিল, গত দেড় বছরে তা–ও শেষ হয়ে গেছে। আর কিছুদিন হয়তো চলতে পারব নিজের সামর্থ্যে। এরপর ধারদেনা করতে হবে। তাতে ব্যবসা–বাণিজ্য স্বাভাবিক হলেও আমাদের মতো ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানো কঠিন হবে। কারণ, নতুন করে পুঁজি জোগান দেওয়ার মতো সামর্থ্য হারিয়ে ফেলেছি আমরা।

মরিয়ম আক্তার, এলইডি বাল্ব প্রস্তুতকারক ও বিক্রেতা