পুঁজি নেই, তবু ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের সামনের ফুটপাতে গতকাল মঙ্গলবার বেলা পৌনে দুইটায় ঝুম বৃষ্টির মধ্যেও নিজের দোকান পলিথিন দিয়ে মুড়িয়ে রাখছিলেন মো. শাহজাহান। ছেলে শাহদাত এ কাজে সহায়তা করছিলেন। কিন্তু সেই পলিথিনের ভেতর ছিল না কোনো পণ্য, ছিল শুধুই ছোট্ট দুটি নতুন চৌকি।২৬ বছর ধরে ওই ফুটপাতে মেয়েদের পোশাক বিক্রি করেন শাহজাহান। গত রোববার হেফাজতের কর্মীরা তাঁর তিনটি দোকানই জ্বালিয়ে দেন। পুঁজি হারিয়ে নিঃস্ব শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে এক হাজার ২০০ টাকা দিয়া চৌকিগুলা বানাইছি। ২০০ টাকা ধার কইরা পলিথিন কিনছি। না হইলে বৃষ্টিতে নতুন চৌকি নষ্ট হইয়া যাইত।’চৌকি তো হলো, এখন কি আবার ব্যবসা শুরু করবেন—এমন প্রশ্নে নির্বাক শাহজাহান। কিছুক্ষণ পর মৃদুস্বরে বললেন, ‘ধারদেনা পাইলে শুরু করমু। পেট তো চালাইতে হইব।’ বায়তুল মোকাররম মার্কেট কিংবা অন্য মার্কেটের বড় ব্যবসায়ীরা হয়তো ২০-৩০ লাখ টাকা জোগাড় করে ব্যবসা দাঁড় করাতে পারবেন। ব্যাংকঋণও পাওয়ার সুযোগ আছে। কিন্তু ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের হাত পাতার কোনো জায়গা নেই। ব্যাংকঋণ তো নয়ই। সে কারণেই নতুন করে সবকিছু শুরু করার আকাঙ্ক্ষা থাকলেও পুঁজির অভাব ভাবিয়ে তুলেছে তাঁদের।

সাধ আছে, সাধ্য নেই: বায়তুল মোকাররমের সামনের ফুটপাতে কয়েকটি নতুন চৌকি এসেছে। রোববার পুড়িয়ে দেওয়া চৌকিগুলোর জায়গায় এসব স্থাপন করবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। গতকাল দুপুরের একপশলা বৃষ্টিতে এসব চৌকি ধুয়ে-মুছে গেছে। পানিতে ভেসে গেছে আগের দিন পর্যন্ত জমে থাকা ছাইও।

কোনো কোনো ক্ষুদ্র ব্যবসায়ীকে তাঁর চৌকি ও বাক্সপেটরা পরিষ্কার করতেও দেখা গেছে। তবে এই দোকান চালু করতে পারবেন কি না, সে বিষয়ে সন্দিহান অনেকেই।

ক্ষুদ্র ব্যবসায়ী মো. তৈয়ব বলেন, ‘এই একটা দোকান ছাড়া আমার আর কিছুই ছিল না। সেইটাই শেষ হইয়া গেছে। এখন কেমনে কী করমু।’

পুড়ে যাওয়া দোকান মেরামত করতে দেখা গেল কয়েকজনকে। এমনই একজন বাদশা আলম। দ্বীন ইসলাম নামের এক ক্ষুদ্র ছাতা ব্যবসায়ীর দোকানে কাজ করেন তিনি। বৃষ্টির পর আরেক সহকর্মীকে নিয়ে নতুন কেনা চৌকিতে পেরেক লাগাচ্ছিলেন।

তবে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক থেকে এগিয়ে গেলে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীকে অলস সময় কাটাতে দেখা যায়। তাঁদের চোখে-মুখে এখন আতঙ্ক। কাপড় ব্যবসায়ী আবদুল কাদের জানান, এখানকার সব ক্ষুদ্র ব্যবসায়ী পাইকারদের কাছ থেকে বাকিতে মাল এনে বিক্রি করেন। সারা দিন বিক্রির পর লাভ রেখে পাইকারকে মালের দাম দিয়ে আসতেন সবাই। কিন্তু হেফাজতের তাণ্ডবে প্রত্যেকের দুই থেকে পাঁচ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। এখন তো পাইকারেরা আর মাল দেবেন না। তিনি আরও জানান, তাঁর দোকানে আড়াই লাখ টাকার কাপড় ছিল। দুই লাখ টাকার কাপড়ই ছিল বাকিতে আনা।

আরেক ব্যবসায়ী মো. হুমায়ুন কবির ২২ বছর ধরে চাদর বিক্রি করেন। তিন মেয়েকে নিয়ে এখন কীভাবে সংসার চালাবেন সেই দুশ্চিন্তায় নির্বাক হয়ে গেছেন তিনি।

 গাজীপুরের মো. ইনছান গত বছর জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা এনে এখানে কাপড়ের ব্যবসা শুরু করেন। আরও তিন লাখ টাকার কাপড় বাকিতে কেনেন। রোববারের তাণ্ডবে তাঁর সব শেষ।

বায়তুল মোকাররম কেন্দ্রিক ফুটপাতের ব্যবসায়ীদের দুটি সমিতি আছে। এগুলো হলো বায়তুল মোকাররম ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং মিতালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি। এ দুটি সমিতি এবং পুরানা পল্টনের ক্ষতিগ্রস্ত ফুটপাতের ব্যবসায়ীরা হেফাজতের কর্মীদের ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে তিনটি ব্যানার টাঙিয়েছেন। এসব ব্যানারে লেখা ছিল, ‘আমরা গরিব হকার, ধর্মের নামে আমাদের সম্পদে আগুন কেন? হামলাকারীদের গ্রেপ্তার করো, ক্ষতিপূরণ চাই।’

 পল্টনে যে তিনটি পুরোনো বইয়ের দোকান আগুনের হাত থেকে রেহাই পেয়েছিল, সেগুলো দুপুরে খোলা দেখা যায়। আর বাকি দোকানগুলোর ছাই তখনো পর্যন্ত পড়ে ছিল।

পুড়ে যাওয়া ৩৮টি দোকানের একটি ছিল অনিল বিশ্বাসের। বিক্রি হতো উপন্যাস, গল্প, দেশ-বিদেশের জার্নাল ও ধর্মগ্রন্থ। তিনি জানান, তাঁর দোকানে প্রায় এক লাখ টাকার বই ছিল। পুরো দোকানটাই জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোনো সহায়তা ছাড়া নতুন করে আর দোকান করার সামর্থ্য নেই তাঁর।

ক্ষুদ্র ব্যবসায়ীদের উল্টো চিত্র মার্কেটের দোকানগুলোর। পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের নিচতলার মার্কেটের দোকানগুলোতে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। দোকানের মালিকেরা বলছেন, এসব শেষ হতে আরও দু-এক দিন লেগে যাবে। প্রতিটি দোকান থেকে গতকালও পোড়া গন্ধ বের হচ্ছিল।

এ মার্কেটের প্রথম দোকানটির নাম ‘গ্রামীণ কার্পেট হাউজ’। হেফাজতের কর্মীদের দেওয়া আগুনে গোটা দোকানটাই পুড়ে গেছে। ভেতরে ছিল ৮০ থেকে ৯০ লাখ টাকার কার্পেট। দোকানের ব্যবস্থাপক মো. মনির বলেন, ‘আবার নতুন করে শুরু করব। এ জন্য আত্মীয়স্বজনদের কাছে হাত পাততে হবে। সবকিছু ঠিকঠাক করে দোকান শুরু করতে দুই মাস লেগে যাবে।’

ধ্বংসযজ্ঞের পর হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ভবনের যে অবস্থা ছিল এখনো তেমনই আছে। তবে ভবনের নিচতলায় থাকা জনতা ব্যাংকের শাখাটিতে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। ১৫ জন শ্রমিক গত সোমবার থেকে গতকাল দুপুর পর্যন্ত একটি কক্ষের ধ্বংসস্তূপ সরাতে পেরেছেন।

বায়তুল মোকাররমের স্বর্ণালংকারের দোকানগুলোর বেশির ভাগই গতকাল খুলেছে। আগুনে পুড়ে যাওয়ায় অনেক স্বর্ণালংকারের দোকানেই উঠেছে নতুন সাইনবোর্ড। তবে দক্ষিণ পাশের খোকন, ফেমাস, আল-রশিদ ও প্যারাগন জুয়েলার্সের কর্মচারীদের দোকান পরিষ্কার করতে দেখা গেছে। বিদ্যুতের লাইন পুড়ে যাওয়ায় এসব দোকান ছিল অন্ধকারাচ্ছন্ন।

স্টেডিয়াম মার্কেটের দোকানগুলোও পণ্য বিক্রির কার্যক্রম শুরু করে। যদিও ক্রেতার সংখ্যা ছিল খুবই কম।

ক্ষতির খোঁজখবর: ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় পুড়ে যাওয়া দোকানের মালিকদের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে। গতকাল দুপুর ১২টার দিকে কয়েকজন কর্মকর্তা পুরোনো বইয়ের দোকানের মালিক, মুক্তি ভবনের নিচের দোকানের মালিক এবং বায়তুল মোকাররমের ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ লিখে নিয়ে গেছেন।

ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রথম আলোকে বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির একটা তালিকা করছি। সেটা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে দেওয়া হবে।’ এ তালিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমি বলতে পারব না। এটা সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

মতিঝিলপাড়ায় চাঞ্চল্য: দৈনিক বাংলা থেকে মতিঝিল শাপলা চত্বর—এই এলাকায় গতকাল হাতেগোনা দু-একটি ছাড়া সব দোকানই ছিল খোলা।

খোলা ছিল সবগুলো ব্যাংকই। হয়েছে লেনদেনও। মতিঝিলে ব্র্যাক ব্যাংকের শাখায় গ্রাহকদের সারি ধরে দাঁড়িয়ে থেকে লেনদেন করতে দেখা গেছে। ওই শাখার নিচের বুথটি হেফাজতের কর্মীরা ভেঙে দিয়েছেন। ওই বুথে নতুন কাচের দরজা লাগানো হয়েছে। তবে টাকা তোলার যন্ত্র এখনো ঠিক করতে না পারায় গ্রাহকেরা সেখান থেকে টাকা তুলতে পারেননি। রোববারের সহিংসতায় উত্তরা ব্যাংকের মতিঝিল শাখার ভবনে অনেকগুলো কাচ ভেঙে যায়। গতকাল ওই ভাঙা কাচ সরিয়ে ফেলা হয়েছে।