পুঁজি বিনিয়োগে গুজবে কানা না দেওয়ার পরামর্শ দিয়েছেন ডিএসই চেয়ারম্যান
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. শাকিল রিজভী অতি লাভের আশায় গুজবে প্রভাবিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি অতিমূল্যায়িত শেয়ার না কিনে কম দামে শেয়ার কেনার জন্য প্রয়োজনে কিছু সময় অপেক্ষার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি বাজারের গতি-প্রকৃতি সম্পর্কে ধারণা রেখে বিনিয়োগ করারও পরামর্শ দেন। গতকাল সোমবার ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত ‘মাসিক ইনভেস্টরস অ্যাওয়ারনেস প্রোগ্রাম’-এর আওতায় নয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে শাকিল রিজভী এসব কথা বলেন। ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। রিজভী বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দিনে দিনে বিনিয়োগের প্রধান কেন্দ্রস্থল হিসেবে স্থান করে নিচ্ছে। পুঁজিবাজারে লাভের সম্ভাবনা যেমন আছে তেমনি ঝুঁকিও রয়েছে। তাই ভেবেচিন্তে বিনিয়োগ করা উচিত। পুঁজিবাজার সম্পর্কে মৌলিক ও প্রারম্ভিক ধারণা নিয়ে বিনিয়োগ করলে অনেকটা ঝুঁকি এড়িয়ে চলা সম্ভব।বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কথা বিবেচনা করে ডিএসই দেশব্যাপী এ ধরনের সতর্কতামূলক প্রোগ্রাম চালু করছে। রিজভী আরও বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিয়ন্ত্রক সংস্থা হলেও বিনিয়োগকারীদের উচিত নিজেই নিজের পুঁজির নিয়ন্ত্রক হওয়া।প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজার-সম্পর্কিত প্রারম্ভিক ধারণা, ডিএসইর ভূমিকা ও কর্মকাণ্ড, বিনিয়োগ সম্পর্কে মৌলিক সচেতনতা, বিনিয়োগকারীদের অধিকার ও দায়িত্ব, বেসিক ফিন্যান্স ও অ্যাকাউন্টিং, শেয়ার মূল্যায়ন, ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিসসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এসইসি ও ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন ডিএসইর প্রেসিডেন্ট। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসই ট্রেনিং একাডেমির ইনচার্জ ও উপমহাব্যবস্থাপক সৈয়দ আল-আমীন রহমান।