পুঁজি সামান্য, ব্যবসা বিশাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও  পণ্য ওঠানো-নামানোর কাজ
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ

ব্যবসা করতে পুঁজির দরকার, আর বড় ব্যবসার জন্য পুঁজির পরিমাণও বেশি হতে হবে; আবার এতে ঝুঁকিও থাকে অনেক—এটাই প্রচলিত ধারণা। কিন্তু সামান্য পুঁজি নিয়েও যে কোটি কোটি টাকার ঝুঁকিহীন ব্যবসা করা যায়, সেই নজির রয়েছে চট্টগ্রাম বন্দরে!
ব্যবসাটি হলো এই বন্দরে কনটেইনার ও সাধারণ পণ্য ওঠানো-নামানোর কাজ। সামান্য পুঁজিতে ব্যবসায়ের এই সুযোগটি পেয়েছে ১৩টি বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান। কারণ বন্দর কর্তৃপক্ষ কনটেইনার ওঠানো-নামানোর জন্য প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে জেটি ও কনটেইনার রাখার চত্বর নির্মাণ করে দিয়েছে। সেই সঙ্গে নিয়মিতভাবে বিপুল ব্যয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনছে এবং তা নষ্ট হলে মেরামতের ব্যবস্থা করছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি ভেবে দেখেছি। যন্ত্রপাতি ক্রয় ছাড়াও রক্ষণাবেক্ষণ খাতে বিপুল পরিমাণ টাকা ব্যয় হচ্ছে বন্দরের। এ কারণে এখন নতুন করে যেসব চুক্তি হচ্ছে, সেগুলোতে বেসরকারি অপারেটরদের জন্য কিছু যন্ত্রপাতি ক্রয়ের শর্ত রাখার পরিকল্পনা হাতে নিয়েছি। আবার জেটি পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের শর্ত দেওয়ার পরিকল্পনাও আছে আমাদের।’
বন্দর সূত্রমতে, এ বছর বন্দরে ১৪টি জেটিতে পণ্য ওঠানো-নামানোর কাজ পাচ্ছে ১৩টি প্রতিষ্ঠান। জেটিগুলো পরিচালনার দরপত্রে সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতার শর্ত জুড়ে দেওয়ায় অন্য কোনো প্রতিষ্ঠান অংশ নিতে পারছে না, যে কারণে ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ২৪২ কোটি ৫০ লাখ টাকার কাজ ভাগ হচ্ছে।
এই বন্দরের সিসিটি টার্মিনালের দুটি জেটিতে তিন বছরের কনটেইনার পরিচালনকাজের জন্য প্রায় সাড়ে ৪৯ কোটি টাকার চুক্তি হয়েছে বেসরকারি সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে। এ টার্মিনালে জেটি, ইয়ার্ড বা চত্বর ও কনটেইনার ওঠানো-নামানোর ক্রেন—সবকিছুতেই আছে বন্দরের বিনিয়োগ। কাজ পাওয়া প্রতিষ্ঠানটির কিছু হালকা যন্ত্রপাতি সংগ্রহের শর্ত আছে; এই যা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘এবার টার্মিনাল পরিচালনায় খালি কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র কেনার শর্ত জুড়ে দিয়েছে বন্দর, যা আগে ছিল না। কনটেইনার পরিবহনের জন্য ট্রাক্টর-ট্রেইলরও আমরা সরবরাহ করছি।’
এ ছাড়া সাধারণ কার্গো বার্থে (জিসিবি) ছয়টি কনটেইনার জেটিতে তিন বছর পণ্য ওঠানো-নামানোর জন্য ছয়টি প্রতিষ্ঠান প্রায় ১১৮ কোটি টাকার এবং সাধারণ পণ্য ওঠানো-নামানোর ছয়টি জেটিতে অন্য ছয় প্রতিষ্ঠান প্রায় ৭৫ কোটি টাকার দরপত্র জমা দিয়েছে।
বেসরকারি অপারেটরদের সংগঠন বার্থ অপারেটর অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ফজলে একরাম চৌধুরী বলেন, ‘সনাতন পদ্ধতিতে কাজের ক্ষেত্রে আমরা বন্দর জেটি, ইয়ার্ড ও কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র ব্যবহার করছি। এ ছাড়া প্রতি জেটিতে চার-পাঁচটি সেপ্রডার ও ২০-২২টি ট্রাক্টর-ট্রেইলর সংগ্রহ করতে হচ্ছে বেসরকারি অপারেটরদের।’
বন্দর সূত্রে জানা গেছে, ঝুঁকিহীন ব্যবসার বৃত্ত থেকে প্রতিষ্ঠানগুলোকে বের করে আনার জন্য বন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও তা সফল হয়নি। যেমন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডাকা দরপত্রে অপারেটরদের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনার শর্ত জুড়ে দেওয়া হলেও আইনি জটিলতায় তা হয়নি। যে কারণে আলোচ্য প্রতিষ্ঠানগুলো নামমাত্র পুঁজিকেই ব্যবসা করার সুযোগ পাচ্ছে।