পুঁজিবাজার আজও ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতাই ছিল। আজ দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনও। এ নিয়ে পুঁজিবাজারে চার দিন ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আজ ব্যাংক, জ্বালানি, মিউচুয়াল ফান্ড ও বস্ত্র খাত চাঙা ছিল।ডিএসই সূত্রে জানা যায়, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের ৩০ মিনিটের মাথায় তা ১৪০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এরপর সূচক কিছুটা কমলেও দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯৭.০৪ পয়েন্ট বেড়ে ৫,৯৪১.৭৭ পয়েন্টে দাঁড়ায়।খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংকিং খাতে চাঙাভাব দেখা গেছে। এ খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে সবকটি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এ ছাড়া জ্বালানি খাতের ১২টির মধ্যে আটটির, মিউচুয়াল ফান্ড খাতের ৩৫টির মধ্যে ২৭টির ও বস্ত্র খাতের ২৫টির মধ্যে ১৭টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। অন্য দিকে বিমা খাতের ৪৪টির মধ্যে ৩১টির দাম কমেছে এবং অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও প্রকৌশল খাতে মিশ্র অবস্থা দেখা গেছে।আজ ডিএসইতে হাতবদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত ছিল ছয়টি প্রতিষ্ঠানের দাম। ডিএসইতে আজ মোট ৮৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০৭ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আফতাব অটো, ইউসিবিএল, ইউনাইটেড এয়ার, এনবিএল, এমআই সিমেন্ট, লংকাবাংলা ফিন্যান্স, ইস্টার্ন হাউজিং, বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস ও সিটি ব্যাংক।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ২৫৭.৪৭ পয়েন্ট বেড়ে ১৬৪৯৯.৯৪ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে আজ ১৯৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৯টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১২৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৯ কোটি টাকা বেশি।