পুঁজিবাজার ছিয়ানব্বইকেও হার মানাল
‘আমার পুঁজি প্রায় শেষের পথে। আমি এখন সর্বস্বান্ত।’ ঢাকা স্টক এক্সচেঞ্জ () ভবনের সামনে কান্নাজড়িত কণ্ঠে বললেন বিনিয়োগকারী মো. সিরাজুল ইসলাম। এ কান্না শুধু সিরাজুল ইসলামের নয়, ডিএসইর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩৩ লাখ বিনিয়োগকারীর অনেকেরই।সিরাজুল ইসলাম জানান, তিনি প্রায় ১০ মাস আগে বেক্সিমকোর প্রতিটি শেয়ার ৩৮০ টাকা করে কেনেন। আজ রোববার দিন শেষে দাম কমে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ২৯১ টাকায় নেমে আসে। এ ছাড়া গত বছরের ডিসেম্বরের শুরুতে এবি ব্যাংকের প্রতিটি শেয়ার ১৮০০ টাকায় কেনেন তিনি। কিন্তু এক মাস পার হতে না-হতেই প্রতিটি শেয়ারের দাম ৪৩০ টাকা কমে দাঁড়ায় ১৩৭০ টাকায়। এতে তাঁর এই অবস্থা হয়েছে। এমন অভিযোগ তৌহিদুল ইসলাম ও জাহিদ সুমনেরও। তাঁরা জানান, আজকের দরপতনের কারণে শেয়ারের দাম কমায় তাঁদের পোর্টফোলিও প্রায় ৬০ শতাংশ কমে গেছে।বাজার-বিশ্লেষক ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মো. সালাহউদ্দিন আহমেদ খান বলেন, কয়েক দিন ধরে দরপতনের ধারা অব্যাহত রয়েছে। এর ফলে আজ দিনের শুরুতে পুঁজি তুলে নেওয়ার প্রবণতার কারণে বিক্রির চাপ বেশি থাকায় একটু বেশি দরপতন হয়।আরেক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, বাজার যা সংশোধন হওয়ার দরকার ছিল, তা হয়ে গেছে। এ অবস্থায় বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে সরকারের নীতিনির্ধারক মহলের হস্তক্ষেপ জরুরি। অন্যথায়, ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে একবার ঘরে ফিরে গেলে তাঁদের ফিরিয়ে আনা যাবে না। এতে বাজারই ক্ষতিগ্রস্ত হবে।পুঁজিবাজারের জন্য কলঙ্কিত বছর হিসেবে পরিচিত ছিয়ানব্বইকেও হার মানল আজ। আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬০০.১৯ পয়েন্ট বা ৭.৭৬ শতাংশ কমে ৭১৩৫.২ পয়েন্টে দাঁড়িয়েছে।১৯৯৬ সালের ৫ নভেম্বর ডিএসইতে সর্বোচ্চ ২৩৩ পয়েন্ট বা ৬ শতাংশ কমে ছিল। এ ছাড়া গত ১৯ নভেন্বর সাধারণ সূচক ৫৫২ পয়েন্ট বা ৬.৭২ শতাংশের পতন হয়। এই হিসাবে আজকের দরপতন ডিএসইর ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ পতন। এ ছাড়া আজ ডিএসইতে লেনদেন হওয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের দাম কমে। লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র তিনটির এবং কমেছে ২৪১টি প্রতিষ্ঠানের।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই দরপতন নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা ছিল। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডিএসইর সামনে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। বিনিয়োগকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়েকবার ডিএসইর সামনে জড়ো হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় পুলিশ মামুন নামের এক বিনিয়োগকারীকে আটক করে।ডিএসই সূত্রে জানা যায়, লেনদেনের প্রথম পাঁচ মিনিটে সাধারণ সূচক প্রায় ৬৮ পয়েন্ট বেড়ে যায়। তবে এর পর থেকে দরপতন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে।শেয়ারবাজারের লেনদেন আজকের মতো শেষ হলেও সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত বুধ ও বৃহস্পতিবার ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিনিয়োগকারীদের বিক্ষোভের জের ধরে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মতিঝিল শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে সকাল থেকেই পুলিশ পাহারা ছিল। অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আনা হয় জলকামানও।এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বিকেল প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মনজুর আহমেদকে সন্দেহজনকভাবে আটক করেন র্যাব-৩ এর সদস্যরা। পরে সেখানে কর্তব্যরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ফটো সাংবাদিকেরা এর প্রতিবাদ জানালে র্যাবের সদস্যরা তাঁকে ছেড়ে দেন। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি র্যাবের কর্তব্যরত কর্মকর্তা। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।