পুঁজিবাজার-সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তিতে গঠিত ট্রাইব্যুনালে বিচারক হিসেবে যোগ দিয়েছেন হুমায়ুন কবির। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর হুমায়ুন কবির বিএসইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিএসইসি জানিয়েছে, ট্রাইব্যুনালের বিচারক হিসেবে যোগদানের আগে হুমায়ুন কবির ময়মনসিংহের জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। আর বতর্মান পদে তিনি জেলা ও দায়রা জজের পদমর্যাদা পাবেন।
গত ৭ জানুয়ারি আইন মন্ত্রণালয় থেকে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, পুঁজিবাজার-সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের জন্য বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর এ দাবি আরও জোরালো হয়। পুনর্গঠিত বিএসইসি বিভিন্ন আইন সংশোধনের পাশাপাশি আলাদা ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেয়। সেটি এখন চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে।
বিএসইসি-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, খুব শিগগির ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।
বিএসইসির ২০১২-১৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশের বিভিন্ন আদালতে পুঁজিবাজার-সংশ্লিষ্ট ৪২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১৯৩টি মামলা রয়েছে উচ্চ আদালতে।
লেনদেন নিষ্পত্তির সময়: এদিকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নিষ্পত্তির সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগামী ১৬ এপ্রিল থেকে টি প্লাস টু (টি+২) কার্যকর করা হবে বলে জানিয়েছে ডিএসই। গতকাল ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে দুর্বল মৌলভিত্তি বা ‘জেড’ শ্রেণীভুক্ত শেয়ারের লেনদেন নিষ্পত্তিতে কোনো পরিবর্তন হচ্ছে না।
টি+২ কার্যকর হলে জেড শ্রেণীর শেয়ার বাদে অন্যান্য শেয়ারের লেনদেন নিষ্পত্তিতে ন্যূনতম সময় লাগবে তিন দিন; বর্তমানে যেখানে ন্যূনতম চার দিন সময় লাগে। জেড শ্রেণীর শেয়ারের লেনদেন নিষ্পত্তিতে আগের মতো ন্যূনতম ১০ দিন সময় লাগবে। ডিএসইর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমিয়ে এনেছে।
জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরামর্শক্রমে এক মাস সময় দিয়ে নতুন এই সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে এই সময়ের মধ্যে ডিএসইতে লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারে।