পুঁজিবাজার তদারকি: অর্থমন্ত্রীর নেতৃত্বে কাউন্সিল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি তদারকি করতে অর্থমন্ত্রীকে প্রধান করে একটি পরামর্শক কাউন্সিল গঠন করা হয়েছে। আজ সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান খায়রুল হোসেন এ তথ্য জানিয়েছেন।খায়রুল হোসেন বলেন, ‘পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ মহল তথা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আমরা বৈঠক করেছি। এই বাজারকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে তাঁরাও একমত পোষণ করেছেন। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি তদারকির জন্য একটি পুঁজিবাজার পরামর্শক কাউন্সিল গঠন করা হয়েছে।’কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আনিসুল হক ও সেনাবাহিনীর মেজর জেনারেল পদের একজন কর্মকর্তা। কাউন্সিলের সদস্যসচিব হিসেবে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব।এসইসির চেয়ারম্যান বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শেয়ারবাজারে তদারকি নিয়মিত করা, আরও বেশি দায়িত্ব নেওয়া এবং পুঁজিবাজারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়াই এই কাউন্সিল গঠনের মূল উদ্দেশ্য।