সম্প্রতি অনুমোদন পাওয়া ৪৫০ মেগাওয়াট বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্র স্থাপনে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করবে সামিট পাওয়ার লিমিটেড। সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান গতকাল এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘নতুন এই বিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য আমরা অবশ্যই পুঁজিবাজারে যাব।’ সামিট পাওয়ার লিমিটেড যুক্তরাষ্ট্রের জিই এনার্জি এলসিসির সঙ্গে যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে। সামিট পাওয়ার লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান।সামিট গ্রুপ সূত্রে জানা গেছে, সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন লিমিটেড গত বৃহস্পতিবার দেশের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্র বিবিয়ানা প্রকল্পের দরপত্র জিতে নেয়। বিদ্যুৎ মন্ত্রণালয়ের টেকনিক্যাল উইং পাওয়ার সেল এ দরপত্র আহ্বান করে। দরপত্রে অংশগ্রহণকারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সামিট পাওয়ার প্রতি ইউনিট ৩.৩২ মার্কিন ডলার মূল্যে দরপত্রে অংশগ্রহণ করে।দরপত্রে সামিট গ্রুপের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মালয়েশিয়ান ওয়াইটিএল পাওয়ার ইন্টারন্যাশনাল বারহাদ। কিন্তু ওয়াইটিএলের প্রস্তাবকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রতিষ্ঠানটি নির্দিষ্ট কিছু কারিগরি বিষয়ে পরিষ্কার তথ্য দিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।তবে পাওয়ার সেল এখনো আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের সামিটের দরপত্র জেতার বিষয়টি ঘোষণা করেনি। সেল বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।এ ব্যাপারে সামিট গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘এমন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিলামে জয়ী হতে পেরে আমরা খুবই আনন্দিত।’আজিজ খান বলেন, ‘বিশ্বখ্যাত বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিইর সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমার বিশ্বাস সরকার আমাদের এ কাজে সহায়তা করবে।’আজিজ খান জানান, সরকার এ প্রকল্পের অর্থ সংগ্রহের জন্য পুঁজিবাজারে যাওয়ার ব্যাপারে সামিট পাওয়ারকে উত্সাহিত করছে।—ইউএনবি