মন্দার মধ্যেও দেশের পুঁজিবাজার থেকে এক হাজার ২০০ কোটি টাকার বেশি তহবিল সংগ্রহ করেছে ১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ১৬টি কোম্পানি মিলে সংগ্রহ করেছে এক হাজার ১৩৭ কোটি টাকার বেশি। আর একটি মিউচুয়াল ফান্ড সংগ্রহ করেছে ১০০ কোটি টাকা। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ২০১২ সালে যেসব কোম্পানি পুঁজিবাজার থেকে এই অর্থ সংগ্রহ করেছে, সেগুলো হলো: জিএসপি ফাইন্যান্স, পদ্মা লাইফ ইনস্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, জিবিবি পাওয়ার, সায়হাম কটন মিলস, সাবমেরিন কেব্লস, আমরা টেকনোলজিস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, জেনারেশন নেক্সট, এনভয় টেক্সটাইল, সানলাইফ ইনস্যুরেন্স, সামিট পূর্বাঞ্চল, গোল্ডেন হারভেস্ট, প্রিমিয়ার সিমেন্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল ও আরগন ডেনিমস। এ ছাড়া এ বছর এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ডটিও পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, এসব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সংগৃহীত এক হাজার ২৩৭ কোটি টাকার মধ্যে শেয়ারের অধিমূল্য বা প্রিমিয়াম বাবদ সংগ্রহ করা হয়েছে প্রায় ৭৫২ কোটি টাকা। বাকি প্রায় ৪৮৫ কোটি টাকা শেয়ারের অভিহিত মূল্য বা ফেসভ্যালু হিসেবে সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুঁজিবাজার থেকে সর্বাধিক—২৫৬ কোটি টাকা সংগ্রহ করেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। এদিকে পুঁজিবাজার থেকে ২০১২ সালে অর্থ সংগ্রহকারী ১৬টি কোম্পানির মধ্যে ১০টি ইতিমধ্যে দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে। বাকি ছয়টি কোম্পানি এখনো তালিকাভুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ডটির লেনদেন শুরু হয়েছে বাজারে। ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১১ সালে কোম্পানি ও মিউচুয়াল ফান্ড মিলিয়ে ১৪টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসে। এর মধ্যে ছিল সাতটি কোম্পানি ও সাতটি মিউচুয়াল ফান্ড। এসব প্রতিষ্ঠান মিলে বাজার থেকে সংগ্রহ করেছে প্রায় ৮৭৩ কোটি টাকা। সেই হিসাবে ২০১১ সালের চেয়ে ২০১২ সালে পুঁজিবাজার থেকে প্রায় ৩৬৪ কোটি টাকা বেশি উত্তোলিত হয়েছে। ২০১০ সালে ১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড মিলে পুঁজিবাজার থেকে সংগ্রহ করেছিল প্রায় এক হাজার ২৬৮ কোটি টাকা। জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও ইউনাইটেড ইউনিভার্সিটির বিজনেস স্কুলের অধ্যাপক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘সাধারণত বিশ্বের অন্যান্য দেশে দেখা যায়, মন্দার বাজারে আইপিও কম আসে। কিন্তু আমাদের দেশে উল্টোটা দেখা যায়। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে, প্রাথমিক শেয়ারের বাজার চাঙা থাকলে সেকেন্ডারি বাজারে তার নেতিবাচক প্রভাব পড়ে। কারণ, বিনিয়োগকারীদের বড় একটি অংশ সেকেন্ডারি বাজারে শেয়ার বিক্রি করে আইপিওতে আবেদন করে।’ মোহাম্মদ মূসা আরও বলেন, ‘২০১২ সালে যেসব কোম্পানি আইপিওতে বাজারে শেয়ার ছেড়েছে, গড়ে সেসব কোম্পানিতে নির্ধারিত শেয়ারের চেয়ে তিন গুণ বেশি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রায় চার হাজার কোটি টাকা দীর্ঘদিন আটকে ছিল। এতে সেকেন্ডারি বাজারে সাময়িকভাবে হলেও তারল্যসংকট দেখা দিয়েছে।’প্রাথমিক শেয়ারের বাজার যাতে সেকেন্ডারি বাজারে প্রভাব না ফেলে, সে জন্য আইপিও-প্রক্রিয়ার সময় ১৫ দিনে নামিয়ে আনার সুপারিশ করেন এই বিশ্লেষক।