পুঁজিবাজার নিয়ে উপদেষ্টা কমিটি পুনর্গঠিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার বিষয়ে পরামর্শ ও সুপারিশ করতে নতুন করে উচ্চপর্যায়ের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হচ্ছে। বিদ্যমান কমিটির আদলেই তা গঠনের উদ্যোগ নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।পাশাপাশি এই কমিটির সুপারিশমালা যথাযথভাবে পরিপালিত হওয়ার বিষয়ে গঠন করা হচ্ছে আরেকটি কমিটি। ‘বাস্তবায়ন কমিটি’ নামের এই কমিটির নেতৃত্বে থাকছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার ও ব্যাংক খাতের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে এ কমিটি ভূমিকা রাখবে। অর্থ মন্ত্রণালয় ও এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।১৯৬৯ সালের এসইসি অধ্যাদেশের ২৭ সেকশন অনুযায়ী ২০০৬ সালের ২৭ অক্টোবর এসইসি চেয়ারম্যানকে প্রধান করে ২৭ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। তিন মাস পর পর এই কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয় না। গত এক বছরেও কোনো সভা অনুষ্ঠিত হয়নি বলে এসইসি সূত্রে জানা গেছে। এই সভা অনুষ্ঠিত না হওয়ার পেছনে অপ্রয়োজনীয় সদস্য ও কমিটির বড় আকারকে দায়ী করেন এসইসির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারও তা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, উপদেষ্টা কমিটি নতুন করে গঠন করা হচ্ছে। এবার কমিটির আকার তুলনামূলক ছোট হতে পারে।বর্তমান কমিটিতে এসইসির তিনজন সদস্য, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএমএবি), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান; এফবিসিসিআই, এমসিসিআই এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট চেম্বারের সভাপতি; বিআইডিএসের গবেষণা পরিচালক জায়েদ বখত, ফিন্যানশিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শেখ আবদুল হাফিজ, অধ্যাপক আবু আহমেদ, বিমা ব্যক্তিত্ব নাসির এ চৌধুরী প্রমুখ।এসইসি সূত্র জানায়, মাথাভারী কমিটি হওয়ার কারণেই কোনো সভা করা সম্ভব হয়ে ওঠে না। তা ছাড়া কমিটিতে এমন সব সদস্যও আছেন, যাঁদের কর্মকাণ্ড পুঁজিবাজারের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনায় আনা হচ্ছে। এবার মার্চেন্ট ব্যাংকও থাকবে উপদেষ্টা কমিটিতে।জানা গেছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, এসইসি, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিডিবিএল, আইসিবি প্রভৃতি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই কমিটির সদস্য হবেন। সূত্র জানায়, বাস্তবায়ন কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, কাজও চলছে। এখনো (বৃহস্পতিবার) পর্যন্ত চূড়ান্ত কমিটি গঠিত হয়নি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নয়াদিল্লি থেকে দেশে ফিরে রবি-সোমবারের দিকে তা চূড়ান্ত করতে পারেন।যোগাযোগ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ প্রথম আলোকে বলেন, সাবেক দুই অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ও এম সাইফুর রহমানের সময় পুঁজিবাজার-বিষয়ক উপদেষ্টা কমিটির সুপারিশমালা গুরুত্ব দিয়ে মানা হতো। বর্তমানে এ ধরনের কোনো কমিটি আছে কি নেই, তা-ই বোঝা যায় না। স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের চেয়ে তুলনামূলক নিরপেক্ষ লোকদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন কমিটি গঠনের পরামর্শ দেন আবু আহমেদ।