পুঁজিবাজার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে তদবির করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) বলেছে, পুঁজিবাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে ব্যাংকগুলোকে বিধিবদ্ধ সীমার মধ্যে নামিয়ে আনার সময় বাড়ানোর কোনো ধরনের তদবির তারা করেনি। অন্য কোনো ব্যবসায়ী প্রতিনিধি করেছিল কি না, সে বিষয়েও এফবিসিসিআই অবগত নয়।গত মঙ্গলবার এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে। মুদ্রা সরবরাহ, সুদের হার ও পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআইসহ ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে এফবিসিসিআই এ সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।এফবিসিসিআই বলেছে, গভর্নরের সঙ্গে আলোচনায় এফবিসিসিআইয়ের বক্তব্য ছিল, ২০১০ সালে যখন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী, তখন ব্যাংকগুলোকে বিনিয়োগের আইনি সীমার মধ্যে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এফবিসিসিআই বলেছে প্রকৃতপক্ষে ২০১০ সালের শুরুতে পুঁজিবাজারে সূচক ছিল চার হাজার ২০০, জুনে তা ছয় হাজার ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোয় শুধু সতর্কবাণী দেওয়া হয়েছিল, কিন্তু সিআরআর বেঁধে দেওয়া হয়নি। ফলে ব্যাংকগুলো শেয়ারবাজারে অত্যধিক বিনিয়োগ করে, যা সূচককে অস্বাভাবিকভাবে আট হাজার ৯০০ পয়েন্টে উন্নীত করে। এফবিসিসিআই আরও বলেছে, এ পর্যায়ে ২০১০ সালের ডিসেম্বরে যখন সিআরআর ঘোষণা করা হয়, তখন ব্যাংকগুলো অস্বাভাবিক মুনাফায় শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করে। এই পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে ধস নামে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন।