পুঁজিবাজার নিয়ে প্রজ্ঞাপন সরকারি সংস্থার জন্য প্রযোজ্য
‘পুঁজিবাজার-সংক্রান্ত সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আলোচনা, পরামর্শ ও সমন্বয়’-সম্পর্কিত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান বা সংস্থার জন্য প্রযোজ্য হবে। আজ শনিবার প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মূলধন মার্কেট অধিশাখার উপসচিব মো. নাসির উদ্দিন আহমেদ এ মতামত ব্যক্ত করেন।নাসির উদ্দিন বলেন, ‘যেসব প্রতিষ্ঠান বা সংস্থাকে সরবরাহ করা হয়েছে, প্রজ্ঞাপনটি কেবল ওই সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।’ তিনি আরও বলেন, ‘আমরা তো সবাইকে প্রজ্ঞাপনটি বিতরণ করিনি। কেবল সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাকে দিয়েছি। তাই তাদের জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত আটটি বিষয় প্রযোজ্য হবে।’সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট সাতটি প্রতিষ্ঠান বা সংস্থাকে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো: মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সব বিভাগ বা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, সব বিভাগ বা মন্ত্রণালয়ের সচিব, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক।গত বুধবার জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বব্যাপী পুঁজিবাজার একটি সংবেদনশীল বাজার হিসেবে স্বীকৃত। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের পুঁজিবাজারও অত্যন্ত সংবেদনশীল। পুঁজিবাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা সত্ত্বেও বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে করা নানা মন্তব্যের ফলে এই বাজারে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। তাই এ-সংক্রান্ত সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আলোচনা, পরামর্শ ও সমন্বয় প্রয়োজন।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, শেয়ারবাজার-সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অদূরদর্শিতার কারণে বর্তমানে পুঁজিবাজারের এই অবস্থা। সুতরাং প্রতিষ্ঠানগুলো সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিলে তা বাজারের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। এর মানে শেয়ারবাজার নিয়ে কথা বলা যাবে না, এমনটি নয়। এর মাধ্যমে মূল্য সংবেদনশীল তথ্য বোঝানো হয়েছে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, অর্থ মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনটির ব্যাখ্যা দেওয়া উচিত। তিনি বলেন, ব্যক্তিপর্যায়ে মুক্ত মতামত বন্ধ করা উচিত নয়। শেয়ারবাজার ও মুদ্রাবাজার নিয়ে সারা পৃথিবীতে মতামত ব্যক্ত করার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেও এ ব্যবস্থা থাকা উচিত।