পুঁজিবাজার ব্যবহার করে ঘাটতি মেটানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট ঘাটতি পূরণে পুঁজিবাজারকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নেতারা। একই সঙ্গে তাঁরা ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজারবান্ধব বলে আখ্যায়িত করেছেন।
ডিএসইর নেতারা বলেছেন, বাজেট নিয়ে বাজারে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাঁরা বিনিয়োগকারীদের বিভ্রান্তিতে আক্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাজেটে হতাশ হওয়ার মতো কিছু নেই।
গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নেতারা প্রস্তাবিত বাজেটের ওপর তাঁদের প্রতিক্রিয়া তুলে ধরেন। রাজধানীর মতিঝিলে ডিএসইর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ডিএসইর সভাপতি রকিবুর রহমান ও ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশীদ লালী। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আবদুল হক, মিজানুর রহমান খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপন কুমার বালা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী।

ডিএসইর সভাপতি বলেন, সুযোগ-সুবিধার দিক থেকে খুব বেশি কিছু না থাকলেও বাজেটে পুঁজিবাজার নিয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। এতে বিনিয়োগকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিনিয়োগের সীমা বাড়িয়েছে সরকার। এর মাধ্যমে পুঁজিবাজারও যথেষ্ট লাভবান হবে।

ডিএসইর নেতারা বলেন, বাজেটে ঘোষণা না থাকলেও ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলটি শিগগির গঠিত হবে। এটি কোনো অনুদান বা এককালীন সহায়তা নয়। এটি হলো কম সুদে ঋণ দেওয়ার তহবিল। সে জন্য এ তহবিল গঠনের ঘোষণা বাজেটে অন্তর্ভুক্ত করারও প্রয়োজন নেই। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়েছে।  

শেয়ারবাজারে কালোটাকা সাদা করার বিষয়েও কথা বলেন ডিএসইর সভাপতি। তিনি বলেন, ১০ শতাংশ জরিমানা প্রদান সাপেক্ষে শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ চলতি মাসের ৩০ জুন শেষ হবে। এরপর শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ থাকবে কি না, তা ভবিষ্যতে সংসদের মাধ্যমে সবার সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

রকিবুর রহমান বলেন, ‘শেয়ারবাজারে কখনো কালোটাকার কোনো প্রভাব ছিল না। ফলে এ সুবিধা প্রত্যাহারের কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলেও আমরা মনে করি না। কারও কোনো কথাবার্তা বা একটি বিষয়কে কেন্দ্র করে শেয়ারের দামের ওঠা-নামা করা উচিত নয়।’

ডিএসইর নেতারা বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।

আহমেদ রশীদ লালী ডিএসইর বিভিন্ন সুপারিশ পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানান।