পুঁজিবাজার-সংক্রান্ত বিষয়ে বক্তব্য দিতে এসইসির সমন্বয় লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজার-সংক্রান্ত সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আলোচনা, পরামর্শ ও সমন্বয় করতে হবে। অর্থ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে বলে এসইসি সূত্রে জানা গেছে।অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মূলধন অধিশাখার উপসচিব মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী পুঁজিবাজার একটি সংবেদনশীল বাজার হিসেবে স্বীকৃত। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের পুঁজিবাজারও অত্যন্ত সংবেদনশীল। এ কারণে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা কর্তৃক পুঁজিবাজার সম্পর্কে সম্যকভাবে অবহিত না হয়ে বিভিন্ন বক্তব্য ও মন্তব্য প্রদানের ফলে বাজার প্রভাবিত হওয়ার এবং বাজারে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকে। এ কারণে পুঁজিবাজার-সংক্রান্ত সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আলোচনা, পরামর্শ ও সমন্বয় প্রয়োজন।এ অবস্থায় পুঁজিবাজারকে প্রভাবিত করতে পারে—এমন বিষয় যেমন সরকারি কোম্পানির বা কোনো কোম্পানির সরকারি শেয়ার পুঁজিবাজারে আসা না-আসা সংক্রান্ত বিষয়; জাতীয় বাজেটে পুঁজিবাজার-সংক্রান্ত যেকোনো কর প্রস্ত্তাব, ব্যাখ্যা, বিশ্লেষণ; জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুঁজিবাজার-সংক্রান্ত যেকোনো প্রজ্ঞাপন বা নীতি; পুঁজিবাজার বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়-সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো প্রজ্ঞাপন বা নীতি; পুঁজিবাজারের বিভিন্ন স্টেকহোল্ডার, যেমন: স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ডিপোজিটরি অংশগ্রহণকারী, ব্রোকার, ডিলার, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ব্যবস্থাপনা কোম্পানির পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে কোনো সংস্থা বা কর্তৃপক্ষ বা সরকারি প্রতিষ্ঠানের যেকোনো প্রজ্ঞাপন বা নীতি; সরকারি বা আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগ করা বা না করা-সংক্রান্ত যেকোনো প্রজ্ঞাপন বা নীতি; তথ্যভিত্তিক নয়, শুধু অনুমানের ভিত্তিতে মিডিয়াতে সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কোনোরূপ মন্তব্য এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের শেয়ারবাজারে কোনো উদ্যোগ নেওয়া-সম্পর্কিত তথ্য, যা পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন। এসব বিষয়ে সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এসইসির সঙ্গে আলোচনা বা সমন্বয় বা পরামর্শ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।