পুঁজিবাজারে স্থিতিশীলতা রক্ষায় এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আজ রোববার সকালে বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।আগামীকাল সোমবার দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র নিশ্চিত করেছে।বৈঠক শেষে এফবিসিসিআইর সভাপতি একে আজাদ সাংবাদিকদের জানান, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, তারল্য সংকট নিরসন ও চলমান অস্থিতিশীলতা দূর করার লক্ষ্যে যা যা করা দরকার সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা এ ব্যাপারে তাঁদের মতামত দিয়েছেন।আজ বিকেল পাঁচটায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই বৈঠকে শেয়ারবাজার বিষয়ে গৃহীত বিভিন্ন দিকনির্দেশনা সম্পর্কে জানাবেন অর্থমন্ত্রী। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), এফবিসিসিআই, তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টক হোল্ডাররা উপস্থিত ছিলেন।